২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ ছেড়ে নির্বাচনে আসুন, খালেদাকে ফিরোজ

সরকারবিরোধী আন্দোলনে থাকা খালেদা জিয়াকে হরতাল-অবরোধ ছেড়ে সিটি করপোরেশন নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 05:06 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় অংশ নিয়ে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, “খালেদা জিয়া জাতীয় নির্বাচনে আসল না। কিন্তু জাতীয় নির্বাচনের পরই যে উপজেলা নির্বাচন হল সেখানে আসতে তারা ভুল করলো না।

“তিনি অবরোধ দিচ্ছেন, হরতালও দিয়েছেন। অবরোধ চলছে আবার হরতালও চলছে। আবার শোনা যাচ্ছে তিনি সিটি করপোরেশন নির্বাচনে আবার আসবেন।”

এ সময় বক্তব্যের মাঝেই অনুষ্ঠানের সঞ্চালক পীর হাবিবুর রহমান প্রশ্ন ছোড়েন, “তাতে কি আপনারা খুশি নন?”

জবাবে আ স ম ফিরোজ বলেন, “অবশ্যই তিনি আসবেন। কিন্তু কথাটা এ রকম বলতে চাই- অবরোধ চলবে, হরতাল আবার নির্বাচনও চলবে, এভাবে দুই স্ট্যান্ডার্ড তো চলতে পারে না।

“যদি আপনি নির্বাচনে আসেন, তাহলে অবশ্যই আপনাকে অবরোধ ও হরতাল পরিহার করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে নির্বাচনে আসুন। কেউ আপনাকে তো অস্বীকার করছে না,” বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে বলেন ফিরোজ।

দৈনিক মানবকণ্ঠ আয়োজিত ওই গোলটেবিল আলোচনায় বিএনপি-জামায়াত জোটের চলমান আন্দোলনের কঠোর সমালোচনা করেন জাতীয় সংসদের প্রধান হুইপ।

তিনি বলেন, “আন্দোলনের কথা বলা হচ্ছে। এটা কিসের আন্দোলন? এটা তো গণতন্ত্রের জন্য আন্দোলন হচ্ছে না, এটা হচ্ছে কেবল বাঁচার জন্য।

“বিএনপি বাঁচতে চায়, তার ছেলে সন্তান নিয়ে। জামায়াত বাঁচতে চায় মুক্তিযুদ্ধের বিরোধিতার অপরাধ থেকে।”

আ স ম ফিরোজ বলেন, “আমি মনে করি, দেশ ও জাতীর কল্যাণের জন্য বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে দেশের কি যে করুণ পরিণতি হতে পারে, সেটা পৃথিবীর দিকে তাকালেই আমরা বুঝতে পারবো।

“বিএনপি আগে জামায়াতকে নিয়ে রাজনীতি করতো। এখন জামায়াত বিএনপিকে নিয়ে রাজনীতি করে। পরিবর্তন হয়েছে অনেক। খালেদা জিয়ার বারবারের আহ্বানেও তার দলের নেতা কর্মীরা মাঠে নামছে না।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেন, “আমি মনে করি, এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে-একটা বিশ্বাসের ব্যাপার।

“যতো দুর্বৃত্তায়ন সব রাজনীতির মধ্যে ঢুকে গেছে। একটা অন্যায়ের মধ্য দিয়ে একটা অবৈধ বিষয়ের মধ্য দিয়ে আপনি ভালো কিছু করতে পারেন না।”

রাজনীতিকদের আত্মসমালোচনার মাধ্যমে ‘ভুল’ থেকে বেরিয়ে ‘ন্যূনতম জাতীয় ঐক্যমতে’ পৌঁছানোর প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

গণআন্দোলনে ক্ষমতাচ্যুৎ সামরিক শাসক এইচ এম এরশাদের দল জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, “আমরা সেদিন ক্ষমতা হস্তান্তর করেছিলাম, কথা ছিলো নির্বাচনে সবাই লেভেল প্লেয়িং ফিল্ড পাবে। কিন্তু সেই থেকে শুরু হয়, প্রতিহিংসার রাজনীতি। যেই মুহূর্তে ক্ষমতা হস্তান্তর করলাম- সেই থেকে শুরু হলো।

“আমাদের পল্লীবন্ধু এরশাদকে গ্রেপ্তার করা হল। আমাদের একটা পোস্টারও লাগাতে দেওয়া হল না। সেই প্রতিহিংসার রাজনীতি আজ দাবানলে পরিণত হয়েছে।”

এরশাদের পতনের পরে জাতীয় পার্টিকে কোনঠাসা করা হলেও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী রাজনীতিতে ‘সুবিধাজনক’ অবস্থায় ছিল বলে মন্তব্য করেন বাবলু।

তিনি বলেন, “জামায়াত সেই নির্বাচনে অংশ নিতে পেরেছে। অথচ আমাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে যেন আমরা এই রাষ্ট্রের বিরোধিতা করেছি।

“জামায়াত নির্বাচন করতে পারবে না, এটা তখন আওয়ামী লীগ বলতে পারে নাই। বামপন্থীরাও বলতে পারে নাই।”

‘আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি’ শিরোনামে এই গোলটেবিলে অন্যদের মধ্যে নাইমুল ইসলাম খান, সৈয়দ ইশতিয়াক রেজা, খুশি কবির, নাসরিন আউয়াল মিন্টু, ডা. নূজহাত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।