২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবাসের ৬ বছর আয়ুর সঙ্গে ফিরে চান এরশাদ

কারাবাসের ছয় বছর যাতে সৃষ্টিকর্তা আয়ুর সঙ্গে যোগ করে দেন, জন্মদিনে কর্মী-সমর্থকদের কাছে সেই দোয়া চেয়েছেন সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 08:27 PM

Updated : 12 Oct 2022, 03:27 PM

শুক্রবার গুলশানের ইমানুয়েল সেন্টারে এক অনুষ্ঠানে দলের কর্মীদের নিজের সন্তানের সঙ্গে তুলনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, “প্রত্যেক জন্মদিনই আনন্দের। আমার সন্তানেরা (জাতীয় পার্টির নেতা কর্মী) আজ দিনটি উদযাপন করছে, আমি খুবই আনন্দিত।”

জাতীয় পার্টির নেতাদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার এরশাদের ৮৫ তম জন্মবার্ষিকী। একপাশে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও সভাপতিমণ্ডলীর সদস্য সালমা ইসলাম এবং অন্যপাশে এস এম ফয়সাল চিশতিকে নিয়ে বিশাল আকৃতির কেক কেটে তিনি জন্মদিন উদযাপন করেন। 

নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, “আজকের এই দিনে আমি আল্লাহকে বলব- কারাবাসে আমার জীবন থেকে ছয়টি বছর কেড়ে নিয়েছ। মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করার জন্য তাই আমার জীবনে আরও ছয়টি বছর তুমি যোগ করে দাও। আমার মৃত্যুর পরও যেন জাতীয় পার্টি টিকে থাকে এবং আমার মৃত্যুবার্ষিকী পালিত হয়। তোমরাও আমার জন্য, জাতীয় পার্টির জন্য দোয়া করবে।”

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ৭০টিরও বেশি মামলা হয় এরশাদের বিরুদ্ধে। এর মধ্যে তিনটি মামলায় তার সাজার আদেশ হয় এবং একটিতে তিনি সাজা খাটা শেষ করেন।

ছয় বছর কারাগারে থেকে ১৯৯৬ সালে মুক্তি পাওয়ার পর আবারও রাজনীতিতে সক্রিয় হন সাবেক এই রাষ্ট্রপতি।

২০০৯-১৩ সময়ে মহাজোটের শরিক হিসাবে সরকারের সঙ্গে থাকলেও ২০১৪ সালের ৫ জানুয়ারির পর আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত সরকার ও বিরোধী দল- দুই জায়গাতেই জাতীয় পার্টিকে দেখা যাচ্ছে।     

এরশাদ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূতের ভূমিকায় আছেন, তার স্ত্রী রওশন এরশাদ রয়েছেন বিরোধী দলের ভূমিকায়।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ ও বিএনপিকে উদ্দেশ্য করে জন্মদিনের অনুষ্ঠানে এরশাদ বলেন, “দুই দল গণতন্ত্রের কথা বলেছিল। তারা বলেছিল- ‘আপনি ক্ষমতা হস্তান্তর করুন, আমরা গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত করব’। কিন্তু তারা কথা রাখেনি।”

নব্বই পরবর্তী সময়ে কেবল বর্তমান সংসদই কার্যকর ভূমিকা পালন করতে পারছে বলে মন্তব্য করেন সাবেক এই সেনাশাসক।

তিনি বলেন, “ইতোপূর্বে কোনো সরকারের সংসদই কার্যকর হয়নি। শুধু এবারই আমরা বিরোধী দলে থেকে সংসদ ও গণতন্ত্র কার্যকর করতে ভূমিকা রেখেছি। আগামী নির্বাচনে আমাদের জনপ্রিয়তা আমরা দেখিয়ে দেব।”

আগামী সংসদ নির্বাচনে জয়ী হয়ে জাতীয় পার্টির সরকার গঠনের প্রত্যয় জানিয়ে এরশাদ বলেন, “সারাদেশের মানুষের হাহাকার কান্না আর সহ্য হয় না। আমরা শান্তি চাই, মানুষের মুখে হাসি ফিরিয়ে আনতে চাই। জাতীয় পার্টিই পারে মানুষের মুখে হাসি ফিরিয়ে আনতে।”

এরশাদের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভ রায়সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের জন্মদিনের অনুষ্ঠানে দেখা গেলেও রওশন ছিলেন না। 

অনুষ্ঠানমঞ্চের পেছনে ব্যানারে এরশাদের বড় আকারের একটি ছবির পাশে লেখা ছিল ‘আমরা তোমার জন্মশত বার্ষিকী পালন করতে চাই- জাতীয় পার্টির সর্বস্তরের কর্মী ও সমর্থকবৃন্দ’।

কারাবাসের ৬ বছর আয়ুর সঙ্গে ফিরে চান এরশাদ  

পরে রাতে এরশাদের জন্মদিন উপলক্ষ্যে কূটনৈতিক ও রাজনীতিবিদদের সম্মানে রাজধানীর হোটেল ওয়েস্টিনে নৈশভোজের আয়োজন করা হয়।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নৈশভোজে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন, রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার নিকোলায়েভ ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইউয়ান ওয়ার্নাসহ ৪০টি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও সংসদে সরকারি দলের চিফ হুইপ আসম ফিরোজ উপস্থিত ছিলেন।

এরশাদ ২০ মার্চ কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করলেও জাতীয় পার্টির ওয়েবসাইটে তার জন্মতারিখ উল্লেখ করা হয়েছে ১ ফেব্রুয়ারি ১৯৩০।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে গত বছর জন্মদিনের অনুষ্ঠানের পর সুনীল শুভ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আজই স্যারের আসল জন্মদিন। আর ১ ফেব্রুয়ারি হলো সার্টিফিকেটের জন্ম তারিখ।” 

রংপুরের সন্তান এরশাদ ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিয়ে ১৯৫২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন।

১৯৮২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ থাকা অবস্থায় তিনি ক্ষমতা নেন এবং ১৯৮৩ সালের ডিসেম্বর পর্যন্ত প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে দেশ শাসন করেন।

পরে বিচারপতি আহসান উদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করে নিজেই রাষ্ট্রপতির দায়িত্ব নেন এরশাদ। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানের মুখে তার সরকারের পতন ঘটে।

ক্ষমতায় থাকতেই ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি গঠন করেন এরশাদ। শুরু থেকেই তিনি দলের চেয়ারম্যান।