প্রধানমন্ত্রীর বক্তব্য অপাংক্তেয়: বি চৌধুরী
নিখোঁজ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘অপাংক্তেয়’ বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
সোমবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা মহাসচিব বি চৌধুরী বলেন, “সরকারের প্রথম দায়িত্ব সালাহ উদ্দিনকে খুঁজে পাওয়া। তা না করে বলা হয়, খালেদা জিয়ার কার্যালয় থেকে সাত বস্তা ময়লা গেছে, তারমধ্যে সালাহ উদ্দিনকে খোঁজে পাওয়া যাবে। রাজনৈতিকভাবে কত নিষ্ঠুর হলে এ ধরনের কথা বলতে পারে!”
প্রধানমন্ত্রীর বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
“এ ধরনের অপাংক্তেয়, অগ্রহণযোগ্য বক্তব্য কখনো পরিশীলিত রাজনীতির পরিচয় নয়। এটা জাতীয় সংসদের জন্য অবমাননাকর। তা গ্রহণযোগ্য নয়।”
গত শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “সে (সালাহ উদ্দিন) কোথায়, তার জবাব খালেদা জিয়াকেই দিতে হবে। ... আমি যেদিন গেলাম; সেদিনও জানি, সালাহ উদ্দিন সেখানে।”
ওই কার্যালয় থেকে আবর্জনা পরিষ্কারের বিষয়টির দিকে ইঙ্গিত করে হাসিনা বলেন, “ওই ময়লার সাথে আবার বের করে দিলেন কি না? এর জবাব খালেদা জিয়াকেই দিতে হবে।”
বক্তব্যে বিদ্যমান সমস্যা সমাধানের আলোচনার তাগিদ দেন বি চৌধুরী।
“পৃথিবীর যে কোনো রাজনৈতিক সমস্যা শুধুমাত্র আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। কিন্তু তা স্বীকারই করেন না প্রধানমন্ত্রী ও তার সঙ্গে যারা রয়েছেন তারা তো অতুলনীয়।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ শুধু ক্ষমতা দেখিয়ে যাচ্ছে, দায়িত্ব পালন করছে না।
খোন্দকার দেলোয়ার স্মৃতি পরিষদ আয়োজিত এই সভায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান, বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, শাম্মী আক্তার, নিলুফার চৌধুরী মনি প্রমুখ বক্তব্য রাখেন।
