২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওয়া ভবন থেকে এখন ‘হাওয়ার নেত্রী’: নাসিম

অজ্ঞাত স্থান থেকে বিএনপি নেতাদের বিবৃতি পাঠিয়ে হরতালের ঘোষণা দেওয়ার দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি এখন ‘হাওয়ার দল’ এবং তাদের নেত্রী খালেদা জিয়া ‘হাওয়ার নেত্রী’ হয়ে গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 06:09 PM

Updated : 12 Oct 2022, 03:26 PM

বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে আলোচিত হাওয়া ভবনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “খালেদা জিয়ার একটি হাওয়া ভবন ছিল, তা এখন নেই। এখন তিনি নিজেই ‘হাওয়ার নেত্রী’ হয়ে গেছেন। আর বিএনপি এখন ‘হাওয়ার দলে’ পরিণত হয়ে গেছে। এটা হাওয়ার বিবৃতির দল, দল হাওয়া হয়ে যাওয়ায় সবাই আন্ডারগ্রাউন্ডে চলে গেছে।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

বিএনপির হরতালে এখন মানুষের সাড়া নেই দাবি করে তিনি বলেন, “হরতাল এখন প্রহসনে পরিণত হয়েছে। সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। কারণ মানুষ ভয়কে জয় করে কাজ করছে।

“দুর্নীতির মামলা থেকে বাঁচার ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর এ হরতালে মানুষের সমর্থন থাকতে পারে না। হরতালে কেবল জ্বালাও-পোড়াওয়ের কারণে শিশুদের স্কুলে যাওয়া ও পরীক্ষা কিছুটা বিঘ্নিত হচ্ছে।”

খালেদা জিয়ার প্রতি হরতালের কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনি কেন হরতাল ডাকছেন? আপনার ডাকে একটা দোকানও বন্ধ থাকে না। আপনাকে যারা বুদ্ধি দিচ্ছে তারা আপনাকে ও আপনার দলকে ডোবাবে। জয়-পরাজয়ে লজ্জার কিছু নেই, নিজে সিদ্ধান্ত নিয়ে এসব বন্ধ করুন।

“দায়িত্বশীল নেত্রী হলে ভুল স্বীকার করে হরতাল প্রত্যাহার করুন। সুস্থ রাজনীতির মাধ্যমে আমাদের ভুলগুলোর প্রতিবাদ করুন। অন্যথায় জঙ্গি নেত্রী হয়ে আপনি শেষ হবেন, আপনার দল  ধ্বংস হবে।”

‘তারেকই হোতা’

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে  শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, যুক্তরাজ্যে অবস্থানরত খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ইশারায় বর্তমানে দেশে অস্থিরতা-নাশকতা ঘটানো হচ্ছে।

তিনি বলেন, “সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৫ সাল থেকেই রাষ্ট্রীয় সন্ত্রাসের সূচনা করেছিলেন। তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসের মূল হোতা।  জিয়াউর রহমানের হাত রক্তে রঞ্জিত ছিল।

“তার ছেলে তারেক রহমানও রক্তের হোলি খেলায় মেতে উঠেছে।  খালেদা জিয়া কাঠের পুতুল। আর  পেছন থেকে লন্ডনে বসে কলকাঠি নাড়াচ্ছে তার পুত্র তারেক রহমান। এ কারণে দেশে সন্ত্রাস- নাশকতা চলছে।”

বিএনপি চেয়ারপারসন ‘জনরোষের ভয়ে’ গুলশানের কার্যালয় থেকে বেরোচ্ছেন না বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা কামরুল।

অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এই আলোচনা সভা হয়। অন্যদের মধ্যে অভিনেতা ড. এনামুল হক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জল ঘোষাল, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার বক্তব্য দেন।