আইনের হাতে গেলেই খালেদা দমবেন: নাসিম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘জঙ্গিনেত্রী’ আখ্যায়িত করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জঙ্গি দমনে সরকার সফল হলেও শুধু তাকে দমন করা যায়নি।
রোববার বিকেলে পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশুপার্ক মাঠে ১৪ দলের এক সমাবেশে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, “বেগম জিয়া আপনি জনগণকে মানেন না, আইন মানেন না, শিক্ষার্থীদের পরীক্ষা মানেন না। আপনি মানুষের কষ্ট বোঝেন না।
“যেদিন আপনাকে আইনের হাতে সোপর্দ করা হবে; সেদিন আপনি দমন হবেন, আপনি সবই মানবেন।”
খালেদা জিয়াকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে নাসিম বলেন, “এখনও সময় আছে, মাথা ঠাণ্ডা করেন। হরতাল অবরোধসহ বিভিন্ন নাশকতায় মানুষ পুড়িয়ে মেরেছেন। এসব অপকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চান।”
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “আপনি নির্বাচন চান, সংলাপ চান। নির্বাচন নিয়ে সংলাপ হবে ২০১৯ সালে নির্বাচন কমিশনের সাথে, বিএনপির সাথে কোন সংলাপ নয়। কোন খুনির সঙ্গে সংলাপ হতে পারে না।”
জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের জন্যই বিএনপি চেয়ারপারসন এই আন্দোলন করছেন বলেও মন্তব্য করেন তিনি।
“আর খালেদা ও তার ছেলে তারেক রহমানের দুর্নীতির মামলা থেকে রেহাই পেতেই দেশে এতো ধ্বংসাত্মক পরিকল্পনা।”
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল আম্বীয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শওকত, সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার, সংসদ সদস্য আখম জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।
বিএনপিকে নিয়ে সরকার চিন্তা করে না বলেও জানান তিনি।
নাসিম বলেন, “আমরা জনগণ নিয়ে চিন্তা করছি, কীভাবে তারা সুখে, শান্তিতে নিরাপদে থাকবে, সেটাই আমাদের চিন্তা।”
