২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার কার্যালয়ের ফটকে রুহুল হক, তর্কাতর্কি (ভিডিও)

অবরোধ-হরতাল তোলার দাবিতে খালেদা জিয়াকে স্মারকলিপি দিতে গিয়ে তার কার্যালয়ের কর্মীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়ালেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল রুহুল হকের নেতৃত্বাধীন সরকার সমর্থক চিকিৎসকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 08:50 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

আওয়ামী লীগ সংসদ সদস্যদের মধ্যে যারা চিকিৎসক, তাদের একটি দল বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান।

ফটকে তাদের ভেতরে থাকা কর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়াতে দেখা যায়। ভেতর থেকে কী বলা হচ্ছিল, তা বোঝা যায়নি।

তবে চিকিৎকদের এই প্রতিনিধি দলটির সদস্য হাবিব এ মিল্লাত সাংবাদিকদের বলেন, “ভেতর থেকে বলা হয়েছে, আমরা ‘নাটক’ করতে এসেছি। আমরা বলতে চাই, আমরা এখানে সবাই পেশায় চিকিৎসক সাংসদ, আমরা নাটক করতে আসিনি।”

লাগাতার অবরোধ ডেকে দুই মাসের বেশি সময় ধরে কার্যালয়ে অবস্থারত খালেদাকে কর্মসূচি প্রত্যাহারের দাবিতে এর আগেও বিভিন্ন সংগঠন স্মারকলিপি দিয়েছিল।

পেশায় চিকিৎসক সংসদ সদস্যরা দুপুর ১২টায় বনানী খেলার মাঠে জমায়েত হয়ে গুলশান যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন।

তখন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি রুহুল হকের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে যান।

সেখানে মূল ফটকে সংসদ সদস্যদের আটকে দেয় কার্যালয়ের নিরাপত্তা রক্ষীরা। কার্যালয়ের বাহিরে থাকা এক নিরাপত্তাকর্মী ওয়্যারলেসের মাধ্যমে ভেতরে খবর দেন, কেউ একজন যেন বাইরে আসেন।

এর কিছু সময় পরে ভেতর থেকে একজন ফটকের কাছে আসেন। তবে তখনও ফটকটি বন্ধই ছিল। কার্যালয়ের সেই সদস্য ভেতর থেকেই প্রতিনিধি দলটির সঙ্গে কথা বলেন।

ভেতর থেকে কিছু একটা বলা হলে এক পর্যায়ে ডা. হাবিব এ মিল্লাতকে উত্তেজিত হয়ে কথা বলতে শোনা যায়।

তিনি বলেন, “দেশের মানুষজন আপনাদের কারণে সন্ত্রাসের মুখে পড়েছে। আমরা স্মারকলিপি এনেছি, দিয়ে চলে যাব। এখন আমরা ফিরে গিয়ে বলব, আমরা একটা প্রতিবাদলিপি দিতে এসেছিলাম, আমাদের সেই প্রতিবাদলিপিও নেওয়া হয়নি। গণতন্ত্রের প্রতি আপনারা কোনো রকমের শ্রদ্ধা দেখান না।”

পাশ থেকে আরেক সংসদ সদস্যকে বলতে শোনা যায়, “কিসের নাটকের কথা বলছেন, আপনারা হুকুমের আসামি হয়েছেন এমনি এমনি না কি।”

পাশ থেকে আরেকজন বলেন, “আপনি নেবেন কি, নেবেন না।”

শেষে ভেতর থেকে স্মারকলিপিটি নেওয়া হলে প্রতিনিধি দল কার্যালয় থেকে ফিরে আসেন।

প্রতিনিধি দলের পক্ষে হাবিব এ মিল্লাত সাংবাদিকদের বলেন, হরতালে নৈরাজ্য ও মানুষ পুড়িয়ে হত্যা যেন বন্ধ করা হয় সে দাবি জানাতেই তারা এখানে এসেছেন।

“মানুষের সেবা করাই আমাদের কাজ। আমরা দেখেছি, বার্ন ইউনিটগুলো মানুষের আহাজারিতে ভারী হয়ে গেছে। মানুষের সেবা আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে আমরা দাবি নিয়ে এসেছি যেন এগুলো বন্ধ হয়। আমরা চাই সহিংসতা বন্ধ হোক। আশা করি, তাদের মানবতা জাগ্রত হবে।”

গত ৬৪ দিনে ২০ দলের হরতাল-অবরোধে নাশকতায় ১১৯ জন মানুষ মারা গেছেন, যাদের অধিকাংশের মৃত্যু হয়েছে পেট্রোল বোমা কিংবা গাড়িতে দেওয়া আগুনে দগ্ধ হয়ে।  

রুহুল হক বলেন, “২০ দলীয় জোট দাবি করছে, সহিংসতার সঙ্গে তাদের সম্পর্ক নেই। তাহলে বলব, আপনারা হরতাল-অবরোধ প্রত্যাহার করুন। তারপর আমরা (সরকার) দেখব, কারা এসব করছে।”

প্রতিনিধি দলের সদস্য ডা. ইউনুস আলী বলেন, “২৪ ঘণ্টার মধ্যে হরতাল-অবরোধ প্রত্যাহার করা না হলে আর প্রতিবাদ নয়, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”