২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের জন্য ব্যানার লাগাতে গিয়ে বিএনপি নেতা আটক

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের বিজয়ী ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে ব্যানার লাগাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বিএনপির এক নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 06:08 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

মঙ্গলবার দুপুরের পর গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে আটক রায়হান আমিন রনি বিএনপির সহ-ক্রীড়া সম্পাদক। তার সঙ্গে থাকা রিপন নামে এক যুবককেও পুলিশ আটক করেছে।

সোমবার বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দল প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠায় চলমান হরতাল শিথিল করে মঙ্গলবার বিজয় মিছিলের কর্মসূচি দিয়েছিল বিএনপি।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় প্রেসক্লাবের সামনে এবং বিভিন্ন স্থানে মিছিল করে বিএনপি। এর মধ্যেই বেলা ৩টার দিকে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে একটি ব্যানার নিয়ে গিয়েছিলেন রনি।

ওই ব্যানারে লেখা ছিল- “বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের খেলোয়াড়দের বিএনপির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন’। বড় আকারের এই ডিজিটাল ব্যানারে জাতীয় পতাকা, খেলোয়াড়দের ছবির পাশাপাশি বিএনপির প্রতীক ধানের শীষ ও দলীয় পতাকার ছবিও ছিল।

রনি গুলশান কার্যালয়ের সামনে সাদা পোশাকে কর্তব্যরত পুলিশ সদস্যের কাছে নিজের পরিচয় দিয়ে বলেন, “আমি দলের ক্রীড়া বিষয়ক সহ সম্পাদক। আমি একজন সাবেক খেলোয়াড়ও। দলের পক্ষ থেকে একটি ব্যানার নিয়ে এসেছি। আমি এই ব্যানারটি কার্যালয়ের সামনে টানিয়ে দিতে চাই। আপনাদের অনুমতি পেলে আমি তা দেব, না দিলে আমি চলে যাব।”

তখন রনিকে এক পুলিশ কর্মকর্তা বলেন, “আপনি অপেক্ষা করুন। আমি বসের সঙ্গে কথা বলে দেখি।”

কিছুক্ষণ পর পুলিশের ওই কর্মকর্তা রনিকে বলেন, “ব্যানার টাঙানো যাবে না, আপনি সামনে যান।”

ফিরে যেতে রনি কিছুদূর এগোলেই একদল পুলিশ সদস্য তাকে ও রিপনকে পিকআপভ্যানে তুলে গুলশান থানায় নিয়ে যায়। ওঠানোর সময় রনি বলছিলেন, “আমি ভাই অসুস্থ। আমাকে কেন নিয়ে যাচ্ছেন?” তবে তার প্রশ্নের কোনো উত্তর দেননি ওই পুলিশ সদস্যরা।  

এর আগে বেলা পৌনে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ ও সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর নেতৃত্বে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে বিএনপি সমর্থকদের মিছিল বের হয়।

এতে বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, কৃষক দলের শাহজাহান মিয়া সম্রাট, মিয়া মো. আনোয়ারসহ শতাধিক নেতা-কর্মী ছিলেন।

মিছিলটি প্রেসক্লাবের ভেতর থেকে শুরু হয়ে খানিকটা এগিয়ে শেষ হয়ে যায়। মিছিলে ‘খালেদা জিয়ার পক্ষ থেকে টাইগারদের লাল গোলাপ শুভেচ্ছা’, ‘বিএনপির পক্ষ থেকে টাইগারদের অভিনন্দন’, ‘তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগান দেওয়া হয়।