২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার লজ্জা ভাঙছে: মায়া

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘লজ্জা ভাঙতে’ শুরু করেছে বলে মন্তব্য করেছেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 01:51 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

গত দুই মাস ধরে টানা অবরোধ চালিয়ে আসা বিএনপি বাংলাদেশের বিজয়ে মঙ্গলবারের হরতাল শিথিল করায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়ার এ মন্তব্য।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল শুরুর আগে তিনি সাংবাদিকদের বলেন, “বাংলার দামাল ছেলেদের এই বিজয়ে খালেদা জিয়ার লজ্জা একটু হলেও ভাঙছে। খালেদা জিয়া ১২ ঘণ্টার হরতাল শিথিল করেছেন। কিন্তু অবরোধ তোলেন নাই। দেশের মানুষ যেন খোলা মনে আনন্দ-উল্লাস না করতে পারে সেজন্য তিনি অবরোধ প্রত্যাহার করেন নাই।”

মায়া বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে ক্রিকেট, ফুটবলে বিজয় হয়, এমন কী পাহাড়ও বিজয় হয়। আর খালেদা জিয়া ক্ষমতায় থাকলে দেশে ধ্বংস হয়।”

সোমবার ১৫ রানে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর এক বিবৃতিতে বিজয় মিছিলের কর্মসূচি দিয়ে মঙ্গলবারের হরতাল কর্মসূচি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল করা হয়। তবে অবরোধ আগের মতোই অব্যাহত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের স্মরণীয় জয় উদযাপনে মঙ্গলবার সারাদেশে বিজয় মিছিল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সে অনুযায়ী আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সকাল ১০টা থেকে জাতীয় পতাকা ও ব্যানার হাতে আনন্দ মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আসতে থাকেন।

এ সময় মিছিল থেকে ‘জিতিলোরে জিতিলো, বাংলাদেশ জিতিলো’ ‘বিজয়ের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’ সহ হরতাল-অবরোধ বিরোধী স্লোগান দেওয়া হয়।

মিছিলটি পরে বঙ্গবন্ধু এভিনিউ থেকে প্রেসক্লাব হয়ে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে আলাদাভাবে আনন্দ মিছিল করে বিভিন্ন সংগঠন।

আনন্দ মিছিল শুরুর আগে ত্রাণমন্ত্রী মায়া বলেন, “এ সরকার ২০১৯ সাল পর্যন্ত থাকবে। একটার পর একটা বিজয় ছিনিয়ে আনবে। এই বিজয় জাতির বিজয়। যারা এই বিজয় ছিনিয়ে এনেছে তাদের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বিশ্ব বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি এই দামাল ছেলেরা সেটাও পারবে। ”