২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় জাপার মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচনের তোড়জোড়ের মধ্যে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 07:00 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জাতীয় পার্টির সমর্থন নিয়ে প্রার্থী হবে দলের ঢাকা উত্তর শাখার সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাবুল। দক্ষিণে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতোমধ্যে ঢাকা দক্ষিণে সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন এবং উত্তরে ব্যবসায়ী নেতা আনিসুল হককে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে।

এরপর মেয়র প্রার্থিতার ঘোষণা দিল বিএনপিবিহীন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

বনানীতে নিজের কার্যালয়ে দুই প্রার্থীর নাম ঘোষণা করে এরশাদ বলেন, “আপাতত মেয়র পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হল, পরে ধীরে ধীরে কাউন্সিলরদের নাম ঘোষণা করা হবে।”

জাতীয় নির্বাচন বর্জন করে বর্তমানে আন্দোলনে থাকা বিএনপির ঢাকা সিটি কর্পোরেশন ভোটে অংশ নেওয়া এখনও অনিশ্চিত।  

এরশাদ বলেন, “মনে রেখ, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন। এই সুযোগ কাজে লাগাতে হবে। নইলে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে।”

প্রার্থী ঘোষণার এই সভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতী উপস্থিত ছিলেন।

গণতন্ত্র ‘পুনরুদ্ধার’ করবেন এরশাদ!

আওয়ামী লীগ ও বিএনপি উভয় দল বাংলাদেশে গণতন্ত্রকে ‘কবরে’ পাঠিয়েছে দাবি করে তা পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন দুই যুগ আগে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সামরিক শাসক এরশাদ।

তিনি বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের কবর রচিত হয়েছে ১৯৯১ সালে। আগে ছিল রাষ্ট্রপতিশাসিত সরকার। ১৯৯১ সালে সবাই মিলে ষড়যন্ত্র করে সংসদীয় গণতন্ত্র আনলেন।

“৬ বছর আমাকে কারাগারে রাখলেন। এরপর গত ২৪ বছরে আমরা কী দেখলাম, প্রতিটি সংসদ অকার্যকর, সন্ত্রাস-হানাহানি-জ্বালাও-পোড়াও… এই আপনাদের গণতন্ত্র! গণতন্ত্রের কথা বলে এভাবে মানুষকে ভাওতা দিলেন!”

“আপনারা (আওয়ামী লীগ-বিএনপি) মানুষকে ভালবাসেন না। আপনারা ভালবাসেন শুধু ক্ষমতা। তখন এরশাদকে বলা হত স্বৈরাচার, সর্বোচ্চ ক্ষমতাশালী। এখন প্রধানমন্ত্রী আমার চেয়ে ক্ষমতাশালী। পার্থক্য কী” প্রশ্ন করেন বর্তমান প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত।

এরশাদ দাবি করেন, ‘ওয়েস্ট মিনিস্টার সিস্টেম’ বা যুক্তরাজ্যের ধাঁচের এই গণতন্ত্র বাংলাদেশের মানুষ চায় না।

“আমাদের ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্রের দরকার নাই। আমাদের প্রয়োজন প্রকৃত গণতন্ত্র। ১৯৯১ সালে যে গণতন্ত্রের কবর তারা রচনা করেছিলেন, তা পুনরুদ্ধারের ঐতিহাসিক দায়িত্ব জাতীয় পার্টির হাতে এসেছে। আমাদের সমর্থিত প্রার্থী ভোটে জয়ী হয়ে প্রমাণ করবে, আমরাই গণতন্ত্র পুনরুদ্ধার করব।”