২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র নির্বাচনে মহিউদ্দিনকে চাইছে চট্টগ্রাম ১৪ দল

সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিনকে দেখতে চাইছে চট্টগ্রাম ১৪ দল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 06:22 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

রোববার ক্ষমতাসীন জোটের সভায় তার নামের প্রস্তাব এসেছে জানিয়ে ওয়ার্কার্স পার্টির নগর সভাপতি আবু হানিফ বলেছেন, এই প্রস্তাব আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে।

নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে তিন বার মেয়র নির্বাচিত হন। ২০১০ সালে সর্বশেষ নির্বাচনে বিএনপি সমর্থিত এম মঞ্জুর আলমের কাছে ১ লাখ ভোটের ব্যবধানে হারেন তিনি।

আগামী জুনের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের পরিকল্পনা নির্বাচন কমিশনের।

মেয়র পদে মহিউদ্দিনের পাশাপাশি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন এবং সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের নামও আলোচনায় রয়েছে।

নির্বাচন অনুষ্ঠানে ইসির তোড়জোড়ের মধ্যে রোববার দুপুরে নগরীর মোমিন রোডে একটি রেস্তোরাঁয় ১৪ দলর এক বৈঠকে প্রার্থিতার বিষয় নিয়ে আলোচনা ওঠে।

নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন কিংবা সাধারণ সম্পাদক নাছির এই বৈঠকে ছিলেন না। সভায় সভাপতিত্ব করেন জাসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ইন্দু নন্দন দত্ত।

উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সুনীল সরকার, খোরশেদ আলম সুজন, নঈম উদ্দিন চৌধুরী ও জহিরুল ‍আলম দোভাষ, যুগ্ম সম্পাদক বদিউল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, নোমান আল মাহমুদ প্রমুখ।

জোট শরিক দলের নেতাদের মধ্যে ওয়ার্কার্স ‍পার্টির সভাপতি আবু হানিফ ছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ সেলিম, জাসদের নগর কমিটির সভাপতি আবু বক্কর ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, ন্যাপের আলী আহমদ নজির, সাম্যবাদী দলের অমূল্য বড়ুয়া প্রমুখ।

আবু ‍হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভায় দুটি বিষয়ে আলোচনা হয়। এগুলো ছিল আগামী ১১ মার্চ ১৪ দলের কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচি সফল করতে ব্যবস্থা গ্রহণ এবং আগামী মেয়র নির্বাচন।

“আলোচনায় ১৪ দলের কয়েকজন নেতা মেয়র পদে মহিউদ্দিন চৌধুরীকে প্রার্থী করার প্রস্তাব দেন এবং প্রস্তাবটি প্রধানমন্ত্রী বরাবরে পাঠানোর বিষয়ে আলোচনা হয়।”

সভায় উপস্থিত একজন নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুয়েকজন আওয়ামী লীগ নেতা আলোচনায় বলেছেন, এ বিষয়ে দল এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি।

“এ বিষয়ে দলীয় সভানেত্রী যে সিদ্ধান্ত জানাবেন তাই চূড়ান্ত বলে গণ্য হবে। আওয়ামী লীগ নেতাদের এ বক্তব্যসহ সব দিক আলোচনা শেষে ১৪ দলের পক্ষে এ প্রস্তাব আওয়ামী লীগ সভানেত্রীকে জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।”

সাবেক মেয়র মহিউদ্দিন এর আগেও একাধিকবার মেয়র পদে লড়ার ইচ্ছার কথা জানিয়েছেন।

গত ২৮ ডিসেম্বর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আগে চারবার করেছি। এবারও মেয়র নির্বাচন করব। দলের অনুমতি নিয়েই নাগরিক কমিটির পক্ষে নির্বাচন করব।”

এদিকে গত বছরের ১২ নভেম্বর চট্টগ্রাম সফরকালে নগর কমিটির যুগ্ম সম্পাদক এম এ রশিদের অনুরোধের পর প্রধানমন্ত্রী শেখ ‍হাসিনা নগর আওয়ামী লীগের নেতাদেরই মেয়র পদে ‘প্রার্থী’ ঠিক করতে বলেছিলেন।

ওই দিন প্রধানমন্ত্রী বলেন, “আপনারা ঠিক করে নেন। আপনারা যার কথা বলবেন আমি তার পক্ষে থাকব।”

এপর প্রধানমন্ত্রী দুই বার চট্টগ্রাম সফর করলেও মেয়র পদে আওয়ামী লীগের কোনো নেতার নাম ঘোষণা করেননি।