খনি দুর্নীতি: খালেদার আবেদনের রায় ১৫ মার্চ
বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আবেদনের রায় পিছিয়ে গেছে।
রোববার বিএনপি চেয়ারপারসন খালেদার আইনজীবীদের এক আবেদনে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ রায়ের জন্য আগামী ১৫ মার্চ দিন ঠিক করে দেয়।
খালেদার পক্ষে আদালতে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন।
এর আগে গত বৃহস্পতিবার একই আদালত রায়ের জন্য ১০ মার্চ দিন রেখেছিল। সেদিন রুলের চূড়ান্ত শুনানিতে খালেদার কোনো আইনজীবী ছিলেন না।
স্থগিতাদেশের কারণে দীর্ঘদিন আটকে থাকা এ মামলাটি দুর্নীতি দমন কমিশন সচলের উদ্যোগ নিলে হাইকোর্টের দেওয়া রুলের ওপর গত সপ্তাহে চূড়ান্ত শুনানি শুরু হয়।
বুধবার বিরতি দিয়ে বৃহস্পতিবার প্রায় দুই ঘণ্টা নিজের যুক্তি তুলে ধরেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।
তিনি বলেন, এ মামলায় অপরাধের যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। বিচারিক আদালতে সাক্ষ্য প্রমাণ ছাড়া এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই এ পর্যায়ে মামলাটি বাতিল করা ঠিক হবে না।
সাবেক চার দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবাধয়ক সরকারের সময় এই মামলা করা হয়।
২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা হওয়ার পর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
এতে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি করেছেন।
হাই কোর্টের ওই আদেশ আপিলেও তা বহাল থাকে। ফলে আটকে যায় খনি দুর্নীতি মামলা।
২০১২ সালের ১৫ জানুয়ারি এ মামলা থেকে স্থায়ী জামিন পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
খুরশীদ আলম খান জানান, এ মামলা বাতিলে অপর দুই আসামি জামায়াতের আমির মতিউর রহমান নিজাম ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ দুটি আবেদন করেছিলেন, যা আগেই খারিজ হয়ে গেছে।
জরুরি অবস্থার সময়ে খালেদার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলাও সম্প্রতি সচল করার উদ্যোগ নিয়েছে দুদক।
