২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা এখন আল কায়েদার সঙ্গে: তোফায়েল

বিএনপি-জামায়াত জোটের আন্দোলনে নাশকতার ঘটনাগুলোর দিকে ইঙ্গিত করে তাদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2015, 10:35 PM

Updated : 22 Aug 2022, 11:48 AM

তিনি রোববার সংসদে বলেছেন, “আল কায়দার সঙ্গে হাত মিলিয়েছেন খালেদা জিয়া।

“চরম নিষ্ঠুরতা খালেদা জিয়া আচরণ। তিনি ১৫ লাখ শিক্ষার্থীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। হরতাল-অবরোধে বিএনপি নেতাদের কারখানার প্রডাকশনও চলছে। কিন্তু নিরীহ মানুষের ক্ষতি করা হচ্ছে।”

বিএনপির সঙ্গে সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নেতা তোফায়েল বলেন, “সংলাপ কার সঙ্গে? যারা নিরীহ মানুষকে মারে, এসব সন্ত্রাসী ও জঙ্গিদের সঙ্গে আওয়ামী লীগ সরকার কোনো সংলাপ করবে না।”

২০১৯ সালের একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি নেত্রীকে প্রস্তুত থাকার পরামর্শ দেন তিনি।

“২০১৯ সালে সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। ওই নির্বাচনে অংশ নিতে তৈরি হন। এর আগে নির্বাচনের প্রশ্নই উঠে না।”

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, “খালেদা জিয়া জামায়াতের খপ্পরে রয়েছে। আজও জামায়াতের খপ্পর থেকে বেরোতে পারেননি।”

সংলাপ নিয়ে নাগরিক সমাজের একাংশের আহ্বানের সমালোচনা করে তিনি বলেন, “সুশীল সমাজ এখন সোচ্চার। তাদের এখন একটা উদ্দেশ্য রয়েছে। তাদের অনেকে এক-এগারোর বেনিফিশিয়ারি।”