২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ১৪ দলের সমাবেশে বোমা হামলা, আহত ১৫

বিএনপির ডাকা অবরোধ- হারতালে বোমা হামলা ও নাশকতার বিরুদ্ধে জয়পুরহাটে ১৪ দলের শান্তি সমাবেশে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 09:39 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

এ ঘটনার পর সমাবেশস্থলের পাশে অবস্থিত বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।

রোববার বিকালে শহরের জিরো পয়েন্টে এ সমাবেশে গুরুতর আহত সাত জনকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা  হলেন- জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবেকা সুলতানা, আওয়ামী লীগ নেত্রী ফিরোজা বেগম, নাজমা আক্তার, সালমা বেগম, আছমা বেগম, ছাত্রলীগ নেতা সাহাদত হোসেন, আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন, কর্মী মোছাদ্দুল, মতিলাল, তফিজ উদ্দিন, মজিবর রহমান, মজনু হোসেন, হামিদুর রহমান, ফরিদ হোসেন ও মিঠু কর্মকার।

জয়পুরহাটের পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক জানান, বিকাল ৫টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বক্তব্য চলাকালে সভামঞ্চ লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে।

সমাবেশস্থলের পাশে বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের কথা নিশ্চিত করেছেন এসপি কালাম।

জামায়াত-বিএনপির দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে অভিযোগ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান আবু সাঈদ আল মাহমুদ স্বপন।  

এদিকে, ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আব্দুর রহিম, পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক, জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগ সভাপতি সামছুল আলম দুদু।