২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে রাজনীতি থেকে বিতাড়নেই শান্তি: ইনু

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়নের ডাক দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 07:55 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

তিনি বলেছেন, রাজনীতির নামে খালেদা জিয়া সারাদেশে জঙ্গী তৎপরতা শুরু করেছেন। পেট্রলবোমা মেরে জনজীবন অতিষ্ঠ করে তুলেছেন।

“তাই রাজনীতি থেকে খালেদাকে বিতাড়িত করলেই দেশ শান্ত হয়ে যাবে। এজন্য দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।”

শুক্রবার রাজধানীতে বিএনপি জোটের হরতাল-অবরোধে নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দলের গণমিছিলের আগে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী খালেদার জিয়ার উদ্দেশ্যে বলেন, “সারা দেশে ছাত্রছাত্রীরা পড়ালেখা করেছে, এখন পরীক্ষাটা দিতে দিচ্ছেন না। আপনি এসএসসিতে ফেল করেছেন। আপনি কি বুঝবেন, পড়ালেখার মর্যাদার?”

খালেদা জিয়ার ডাকা হরতাল-অবরোধকে ‘সুপার ফ্লপ’ আখ্যা দিয়ে তিনি বলেন, “আপনিও (খালেদা) ফ্লপ হয়েছেন। নিজেরা আন্দোলনে না পেরে বিদেশিদের ডাকছেন।”

স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, জনগণের দাবি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার চলছে। সেই বিচার বানচালের জন্যই খালেদা জিয়ার নেতৃত্বে দেশে সহিংসতা হচ্ছে। জনগণের শক্তি নিয়েই এদের মোকাবেলা করা হবে।

“যারা সংলাপের কথা বলে তারা মূলত মানুষ হত্যাকারী ও সন্ত্রাসীদের রক্ষা করতে চায়। দানবের সাথে মানবের কোনো সংলাপ হতে পারে না।”

আওয়ামী লীগের সভপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “যারা নিরীহ মানুষকে পেট্রলবোমা মেরে হত্যা করছে তাদের সাথে সংলাপ হবে না। সংলাপের কোনো প্রশ্নই ওঠে না।”

১৪ দলের পক্ষ থেকে আগামী ৮, ৯ ও ১০ মার্চে সারা দেশে গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা দেন তিনি।

বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে ১৪ দলের গণমিছিল শুরু হয়ে বায়তুল মোকাররাম দক্ষিণ গেট ও জাতীয় প্রেসক্লাব হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতাবিরোধীদের নিশ্চিহ্ন করা এবং বিএনপি-জমায়াতের সহিংসতা প্রতিরোধ করতে জনগণকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার শপথ নেন ১৪ দলীয় জোট নেতারা।

ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও সাহারা খাতুন, যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, জেপির মহাসচিব শহীদুল ইসলাম, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।