এই নাশকতা বিশ্ব সন্ত্রাসের অংশ: আশরাফ
বাংলাদেশে অবরোধের মধ্যে নাশকতার যেসব ঘটনা ঘটছে তা বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় উগ্রবাদীদের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলাম।
বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক র্যালির উদ্বোধনের সময় তিনি বলেন, “বাংলাদেশে যে সন্ত্রাস চলছে তা সারা বিশ্বব্যাপী চলমান সন্ত্রাসের অংশ। সারা বিশ্বের যারা ধর্মীয় সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ।”
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, “এখন যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তা উপলব্ধি করতে হবে। ঢাকার মতো প্যারিস, লিবিয়া, মিশর, রাশিয়া ও ডেনমার্কেও রক্ত ঝরছে। বিশ্বের বিভিন্ন দেশে যে তাণ্ডব তারা চালিয়ে যাচ্ছে, বাংলাদেশ তারই একটা অংশ।”
শুধু বাংলাদেশে নয়, দেশের বাইরেও শত্রু রয়েছে মন্তব্য করে সরকারের প্রভাবশালী এই মন্ত্রী বলেন, “বিভিন্ন দেশের জঙ্গি গোষ্ঠী আইএস, তালেবান, আল-কায়েদার মতো বাংলাদেশের আল-বদর, রাজাকার ও বিএনপি। খালেদা জিয়ার আন্দোলন নির্বাচন বা তত্ত্বাবধায়ক সরকারের জন্য নয়, বিশ্বব্যাপী সন্ত্রাসের অংশ।”
তিনি বলেন, “আজকের সংগ্রাম বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের। সারা পৃথিবীর শান্তি ও গণতন্ত্রকামী মানুষ আজ ঐক্যবদ্ধ সেই শত্রুর বিরুদ্ধে। এই শত্রুকে পরাজিত করতেই হবে।”
বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ আশরাফ।
মুক্তিযোদ্ধাদের সঙ্গে নাশকতাকারীদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার প্রত্যয় জানান তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রতি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, “খালেদা জিয়া, আপনি ঘুমিয়ে আছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি উপলব্ধি করতে পারতেছেন না। হরতাল-অবরোধ না তুললে আপনার খবর আছে। বাংলার রাজনীতি থেকে চিরতরে বিদায় করে আমরা ঘরে ফিরব।”
গত ৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে বিএনপি নেত্রী খালেদা জিয়া সারা দেশে লাগাতার অবরোধ ডাকেন, ফিরে আসে আগুন-বোমার নাশকতা। ফেব্রুয়ারির শুরু থেকে সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিনই অবরোধের সঙ্গে হরতাল করছে ২০ দলীয় জোট।
এ সময় ৬৬৪টি যানবাহন পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ৪১০টি যানবাহন ভাংচুর করেছে অবরোধ সমর্থকরা। ২৮টি স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে। রেলপথে নাশকতার ঘটনা ঘটেছে ২৫টি; নৌপথে ছয়টি।
মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) হেলাল মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাসদ নেত্রী শিরিন আক্তার বক্তব্য দেন।
