ক্ষমতার লোভে মানুষ হত্যায় খালেদা: ইনু
‘ক্ষমতা আর সিংহাসনের লোভে’ খালেদা জিয়া মানুষকে ‘পুড়িয়ে মারছেন’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার এক আলোচনা সভায় বক্তব্যে বিএনপি নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীদের ‘আগুন সন্ত্রাসী’ আখ্যায়িত করে তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তির মতোই তাদের আত্মসমর্পণে বাধ্য করা হবে।
ভাষা আন্দোলনে কমরেড তোয়াহা’র ভূমিকা নিয়ে ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাসদ সভাপতি ইনু।
তিনি বলেন, “আগুন সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা, মিটমাট, কাঁটছাটের সুযোগ নেই। একটা বিষয়েই আলোচনা হতে পারে, সেটা হচ্ছে জনগণের কাছে তাদের নিঃশর্ত আত্নসমর্পণ, যেমনটি ১৯৭১ সালে পরাজিত শক্তি করেছিল।
“আগুন সন্ত্রাসী, জঙ্গিবাদ এক সূত্রে গাঁথা। খালেদা এসবের মূল নির্দেশদাতা। এর সাথে মধ্যপ্রাচ্যের জঙ্গি আর তালেবানের কোনো পার্থক্য নেই।”
তথ্যমন্ত্রী বলেন, “খালেদার নেতৃত্বে আগুন সন্ত্রাসীরা জনগণকে আঘাত করছে। সিংহাসনের লোভে খালেদা জনগণকে পুড়িয়ে মারছেন। এমনকি দেশকে তালেবান ও জঙ্গিদের কাছে ইজারা দিতে চাচ্ছেন। এ অপশক্তির কাছে জনগণ নতি স্বীকার করবে কি না তা ভাবার সময় এসেছে।”
সরকারকে বিরোধী জোটের সঙ্গে আলোচনার টেবিলে আনতে যারা চেষ্টা করছেন, তারা জনগণ ও গণতন্ত্রকে অস্বীকার করছেন বলেও মন্তব্য করেন তিনি।
“আপনারা সরকারের কাছে তদবির না করে, খালেদার কাছে ধর্ণা দেন, তাকে বলুন- আগুন সন্ত্রাসী, জঙ্গিবাদ, তালেবানকে বর্জন করতে। না হলে মুখ বন্ধ রাখুন। কারণ এটা যুদ্ধ। একাত্তরের মতো এ যুদ্ধে আগুন সন্ত্রাসীদের পরাজিত করে স্থায়ী শান্তি আনতে হবে। আর সেটা এমনভাবে করব, যাতে বিষধর সাপ আর মাথা তুলতে না পারে,” বলেন মন্ত্রী।
বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে কমরেড নুরুল হক মেহেদী, কবি ইন্দু সাহা প্রমুখ আলোচনায় অংশ নেন।
