গণতন্ত্র বাধা পেলে আসে চরমপন্থি: খন্দকার মাহবুব
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে দাবি করে সুপ্রিম আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, গণতন্ত্র রুদ্ধ করে দিলে চরমপন্থি উত্থানের পথ সুগম হয়।
সোমবার সমিতির পক্ষে সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলন ডেকে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা বলেন, গণতন্ত্র ও ভোটের দাবির জন্য আন্দোলনরত বিএনপি জোট নেত্রীকে তার গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে; তার সঙ্গে নেতা কর্মীদের দেখা করতে দেওয়া হচ্ছে না।
“দলীয় নেতাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গকেও ফটক থেকে আটক করা হয়েছে। গত কয়েকদিন খাবার আটকে তাকে এবং তার সঙ্গে অবস্থানরতদের অভুক্ত রেখে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হচ্ছে।”
সরকার ‘সুক্ষ্মভাবে’ খালেদার জীবন নাশ করতে এই ঘৃণ্য পথ গ্রহণ করেছে বলে অভিযোগ করেন তিনি।
খন্দকার মাহবুব বলেন, “আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই, গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিলে স্বাভাবিকভাবে দেশে চরমপন্থি উত্থানের পথ সুগম করে দিবে। এটা কোন অবস্থায় আমাদের কাম্য হতে পারে না।”
সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন, যিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব।
