ভোটে আসুন: খালেদাকে রওশন
আন্দোলনের নামে সন্ত্রাস ছেড়ে খালেদা জিয়াকে ভোটের লড়াইয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপিবিহীন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ জোটের লাগাতার অবরোধের মধ্যে সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে এই আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন বলেন, “বিএনপি নেত্রীকে বলছি, আপনি জনগণের ভোটে দুই বার প্রধানমন্ত্রী হয়েছেন, এখন জনগণকেই পুড়িয়ে মারছেন। এখন ভোটের রাজনীতিতে ফিরে আসেন।
“বাসে-গাড়িতে আগুন দিলে দেশ চলবে কী করে? ভোটের রাজনীতি করতে চাইলে জনগণের স্বার্থে রাজনীতি করতে হবে। এগুলো বন্ধ করেন। মানুষ পোড়ানো বন্ধ করেন।”
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের বর্জনের মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত দশম সংসদে বিরোধীদলীয় নেতার আসন নেন এইচ এম এরশাদের স্ত্রী রওশন।
ওই নির্বাচনকে ‘অবৈধ’ আখ্যায়িত করে আন্দোলনে রয়েছে বিএনপি জোট। গত ৫ জানুয়ারি থেকে তাদের অবরোধ-হরতালে নাশকতায় প্রায় একশ’ মানুষ নিহত হয়েছেন।
খালেদা জিয়ার উদ্দেশে রওশন বলেন, “এসব কাজ করে সরকার উৎখাত করা যায় না। সন্ত্রাসী কাজ করে কোথাও সরকার উৎখাত হযনি। ভোটের রাজনীতিতে আসেন।”
ফাইল ছবি
হরতাল-অবরোধে ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরে তিনি বলেন, “৯১ লাখ কোটি টাকা ক্ষতি হয়েছে। অর্থনীতি ধসে পড়েছে। বিদেশি বিনিয়োগ হচ্ছে না। গার্মেন্টস খাতের অর্ডার অন্য জায়গায় চলে যাচ্ছে।
অবরোধ-হরতালের কারণে এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের কথাও তুলে ধরেন সংসদে বিরোধীদলীয় নেতা।
“আর কতদিন এভাবে চলব? এসব বন্ধের উপায় খুঁজে বের করতে হবে। বসে আলাপ করলে উপায় বের করা যাবে। এ অবস্থা থেকে উত্তরণের উপায় বের করতে হবে।”
পরিস্থির উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে তাতে নিজেদের সমর্থনের প্রতিশ্রুতিও দেন বিরোধীদলীয় নেতা।
“জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। প্রধানমন্ত্রীকে এ দায়িত্ব নিতে হবে। আপনি যে পদক্ষেপই নেবেন, জনগণকে সঙ্গে নিয়ে আমরা পাশে আছি।”
