২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুল হুদার নতুন ‘ফর্মুলা’

দুই নেত্রীর সংলাপের কোনো আশা না দেখে বর্তমান রাজনৈতিক অস্থিরতার অবসানে নতুন একটি প্রস্তাব তুলে ধরেছেন নাজমুল হুদা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 06:19 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

তার মতে, নির্বাচনের স্বচ্ছতাই যেহেতু সঙ্কটের প্রধান কারণ, তাই ‘স্বচ্ছ’ একটি ভোটার তালিকা প্রণয়ন এবং ‘জবাবদিহিতা মূলক ভোটার পরিচয়পত্র প্রদানের’ মধ্য দিয়ে এর সমাধান হতে পারে।

আর এর ভিত্তিতে সরকার এবং নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দল, সুশীল ও পেশাজীবী সমাজের সঙ্গে সংলাপ হতে পারে বলেও মনে করেন তিনি।

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত এক মাস ধরে বিএনপি জোটের অবরোধ এবং তা না মানতে সরকারের অনড় অবস্থানের মধ্যে নতুন এই প্রস্তাব দিলেন নাজমুল হুদা।

বিএনপি থেকে বহিষ্কৃত এই ব্যারিস্টার এখন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টির (বিএমপি) চেয়ারম্যানের পদে রয়েছেন।

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনএ আয়োজিত এক কনভেনশনে নাজমুল হুদা বলেন, “বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে দুই নেত্রীকে সংলাপে বসার জন্য আহ্বান করা হচ্ছে, তা সফল হবে বলে মনে হয় না।

“তারা দুজন বর্তমানে রাজনৈতিকভাবে এতটা বিপরীতমুখী অবস্থানে আছেন যে আমার মনে হয় না তারা কখনও এক টেবিলে আলোচনায় বসবেন। সঙ্কট সমাধানের জন্য আমাদের ভিন্ন পথ দেখতে হবে।”

সাবেক এই মন্ত্রী বলেন, “আসলে আমাদের মূল সঙ্কট হল সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে হবে। এজন্য আমাদের প্রস্তাব, নিশ্ছিদ্রভাবে একটি ভোটার তালিকা প্রণয়ন করতে হবে এবং সকল ভোটারকে জবাবদিহিতামূলক ভোটার পরিচয়পত্র প্রদান করতে হবে।

“আমরা সরকারকে আহ্বান জানাই, অবিলম্বে এ সংক্রান্ত আইন প্রণয়ন করুন এবং এই আইন প্রণয়নের স্বার্থে সব রাজনৈতিক দল, সুশীল-বুদ্ধিজীবী-পেশাজীবী সংগঠনকে সাথে নিয়ে আলোচনার উদ্যোগ নিন।”

অপরাপর রাজনৈতিক দলের উদ্দেশে নাজমুল হুদা বলেন, “বিএনএভুক্ত ২৯টি রাজনৈতিক দল এই প্রস্তাব উত্থাপন করেছে। দেশের অন্যান্য রাজনৈতিক দলকেও আমরা আমাদের প্রস্তাব বিবেচনার আহ্বান জানাই।

“একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আলোচনায় অংশগ্রহণ করতে পারি। সরকারকে নতুন আইন প্রণয়নে বাধ্য করতে পারি।”

কনভেনশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এম নাজিমউদ্দিন আল আজাদ, বাংলাদেশ লেবার পার্টির একাংশের সভাপতি সেকান্দার আলি মনি, বাংলাদেশ কৃষক-শ্রমিক পার্টির চেয়ারম্যান সালাম মাহমুদ, বাংলাদেশ তফসিলি জাতি ফেডারেশনের সভাপতি প্রকাশ দাস চৌধুরী ও বিএনএভুক্ত রাজনৈতিক দলগুলোর নেতারা।