২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস বন্ধ করে সংলাপে বসতে হবে: রফিকুল

চলমান পরিস্থিতি থেকে উত্তরণে সংলাপই একমাত্র উপায় মনে করছেন ব্যারিস্টার রফিক উল হক, তবে তার আগে সন্ত্রাস বন্ধের পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 08:22 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপির লাগাতার অবরোধে নাশকতা এবং সেই দাবি না মানতে ক্ষমতাসীন আওয়ামী লীগের অনড় অবস্থানে সংলাপের রব ওঠার মধ্যে প্রবীণ এই আইনজীবী তার মত প্রকাশ করেন।     

তিনি রোববার সাংবাদিকদের বলেন, “আমার মনে হয় সংলাপ অপরিহার্য। কেবল এখন না, সব সময়। সন্ত্রাস করে কোনো সমস্যার সমাধান হয় না।

“সন্ত্রাস, অবরোধ-হরতাল এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে কখনও সমাধান হতে পারে না। সন্ত্রাসও বন্ধ করতে হবে, সংলাপেও বসতে হবে। দুইটা একত্রে হবে না। আগে সন্ত্রাস বন্ধ করতে হবে, এরপর সংলাপে বসতে হবে।”

সংলাপের আহ্বানের জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, বর্তমানে কোনো রাজনৈতিক সঙ্কট নেই। আইনশৃঙ্খলার সঙ্কট রয়েছে এবং নাশকতায় জড়িত দুর্বৃত্তদের দমন করা হচ্ছে।

রফিক উল হক বলেন, “এমন একটা অবস্থা হয়েছে, সমস্যা নাই বলে সরকার যা-ই বলুক, আমার মনে হচ্ছে, সমস্যা হয়েছে। আমরা পহেলা ফাল্গুন করছি, ভ্যালেইনটাইন ডেও করছি। আবার মানুষ পোড়াচ্ছি।”

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগের কথাও আসে সুপ্রিম কোর্টের এই আইনজীবীর কথায়। 

“পৃথিবীর যত ঝঞ্ঝা-সমস্যা, সব সমাধান হয়েছে সংলাপের মাধ্যমে। সংলাপ করার জন্য তারানকোকে (জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো) পাঠাচ্ছে। জাতিসংঘও বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন।”

সংলাপের আহ্বান জানিয়ে নাগরিক সমাজের একাংশ গত শুক্রবার সংবাদ সম্মেলন করেছেন। তারাও সন্ত্রাস বন্ধ করে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।    

তাদের উদ্যোগকে সাধুবাদ জানালেও উদ্যোক্তাদের একজনকে ‘বিতর্কিত’ বলে মনে হয়েছে রফিক উল হকের কাছে। তবে তার নাম প্রকাশ করেননি তিনি।

ব্যারিস্টার রফিক বলেন, “সংলাপে দুই নেত্রী বসলে হবে না। সংলাপে সুধীজন যারা আছে। যেমন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার উদ্যোগ নিয়েছেন। এরা একটি কমিটিও করেছে। তারা বসবেন।”

উদ্যোগ কাকে নিতে হবে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকারে যিনি আছেন, তারই উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু আমাদের সুধীজন যারা আছেন, তারা তো উদ্যোগ নিয়েছেন।

“সরকার বলেছে, সন্ত্রাসীর সঙ্গে সংলাপ কী? এখন উদ্যোক্তারা এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে, সেটা তাদের বিষয়। তবে আমি মনে করি, সংলাপই পরিস্থিতি উত্তরণের একমাত্র উপায়।”

খালেদার কার্যালয়ে অবস্থান নিয়ে প্রশ্ন

অবরুদ্ধ অবস্থার অবসান ঘটার পরও বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন উচ্চ আদালতে বিভিন্ন মামলায় তার আইনজীবী রফিক উল হক।

খালেদার কার্যালয়ের খাবার নেওয়া বন্ধ করে দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “উনি অফিসেই বা কেন আছেন, সেটাও তো বুঝি না।”

গত ৩ জানুয়ারি গুলশানের কার্যালয় থেকে বের হতে বাধা পাওয়ার পর পুলিশের বাধার মুখে সেখানে অবস্থান নেন খালেদা। অবরুদ্ধ অবস্থা থেকে লাগাতার অবরোধের ঘোষণাও দেন তিনি।

এরপর মালয়েশিয়া থেকে আরাফাত রহমান কোকোর লাশ আসার পর কার্যালয় থেকেই ছেলেকে শেষ বিদায় জানান খালেদা।

কিছু দিন পর পুলিশ ওই কার্যালয় থেকে বেষ্টনি তুলে নিলেও কার্যালয় ছাড়েননি তিনি। মাঝে ২০ ঘণ্টার জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধের পর এখন সেখানে খাবার নিতে বাধা দিচ্ছে পুলিশ।

খাবারে বাধার বিষয়ে ব্যারিস্টার রফিক বলেন, “এটা বন্ধ করে দিলে অন্যায় করেছে। এটা কতটা সত্য-মিথ্যা, জানি না। খাবার না দিলে বেঁচে আছে কিভাবে?”

ওই কার্যালয়ে ঢোকা ও বের হওয়ার নিয়ন্ত্রণকারী পুলিশ সেখানে অন্যদের খাবার নিতে বাধা দিলেও বিএনপি চেয়ারপারসনের খাবার ঢুকাতে কোনো বাধা দিচ্ছে না।

পুরনো খবর:

খালেদা ঘুমে, সত্য মনে হয়নি রফিকের