২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে খাবার দিতে গিয়ে বিফল বেবী নাজনীন

খাবার নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধায় বিফল হয়েছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 08:01 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়ার পর তাকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।

গত ৩ জানুয়ারি থেকে কার্যালয়ে অবস্থানরত খালেদা জিয়ার সঙ্গে সন্ধ্যায় দেখা করতে যান বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সঙ্গে যুক্ত বেবী নাজনীন।

সোয়া ৭টার দিকে তিনি হটপটে খাবার, সুপ ও টক দই নিয়ে গুলশানের ওই কার্যালয়ের সামনে নামেন, ফটকে তখন পুলিশের এসবির সদস্যরা ছিলেন।

বেবী নাজনীন পুলিশ সদস্যদের কাছে নিজের পরিচয় দিয়ে বলেন, “বেগম খালেদা জিয়া আমার মা। আমি বিদেশে ছিলাম, তার সঙ্গে দেখা হয়নি। আমি শুনেছি, তিনি অভুক্ত হয়ে আছেন। সেজন্য নিজে সুপ তৈরি করে তার জন্য নিয়ে এসেছি। তাকে খাইয়ে আমি চলে যাব। প্লিজ আমাকে যেতে দিন।”

ফটকের সামনে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তখন বলেন, কার্যালয়ে প্রবেশের অনুমতি নেই। যেতে দেওয়া যাবে না।

তার ঘণ্টাখানেক আগেই তুরস্কের রাষ্ট্রদূত ওই কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

পুলিশের বাধা পেয়ে বেবী নাজনীন তারপর কার্যালয়ের ফটকের সামনে দাঁড়িয়ে থাকেন। প্রায় ৩০ মিনিট পর একটি মাইক্রোবাস কার্যালয়ের সামনে আসে। দুজন মহিলা পুলিশ সদস্য নেমে বেবী নাজনীনকে টেনে গাড়িতে তুলে নেন।

এ সময় বেবী নাজনীন নারী পুলিশ সদস্যদের বলেন, “প্লিজ ঠেলাঠেলি করবেন না। ওকে, আমি নিজেই গাড়িতে উঠছি। এররকম ঠেলবেন না। ইটস ব্যাড।”

পরে বেবী নাজনীনকে নিয়ে মাইক্রোবাসটি গুলশান থানার দিকে চলে যায়।

কিছু ক্ষণ পর যোগাযোগ করা হলে গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনাকে (বেবী নাজনীন) ছেড়ে দেওয়া হয়েছে। উনি বাসায় চলে গেছেন।”