২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া সন্ত্রাসের রানী: মুহিত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘সন্ত্রাসের রানী’ আখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 07:26 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

তিনি বলেছেন, “এখন দেশে যা চলছে তা সন্ত্রাসী উদ্যোগ ছাড়া কিছুই নয়। এটা গণতন্ত্রের ভাষা নয়। আর এই সন্ত্রাসী উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন এ দেশে সন্ত্রাসের রানী খালেদা জিয়া। তাকে সেইভাবেই আমাদের দেখা উচিত।”

রোববার দুপুরে সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, খালেদা জিয়া হরতাল অবরোধের ঘোষণা দিয়ে ঘরে বসে থাকেন। তার কিছু গুণ্ডাপাণ্ডা, হত্যাকারী, লুটপাটকারী দেশে গুপ্তহত্যা চালাচ্ছে। এ অবস্থা থেকে দেশকে বাঁচাতে হবে।

“খালেদা জিয়ার এমন উদ্যোগ দেশের রাজনীতি, অর্থনীতি ধ্বংস করছে। তিনি দেশের শত্রু, জাতির শত্রু।”

সিলেটের জেলা ও দায়রা জজ খোন্দকার কামাল উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো.জহিরুল হক, সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, সিলেটের পাবলিক প্রসিকিউটর মিসবাহ উদ্দিন সিরাজ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম সমিউল আলম।