নাটোরে যুবলীগকর্মীর দুপায়ে গুলি
নাটোর শহরে এক যুবলীগকর্মীকে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুরে নাটোর শহরের মল্লিকহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলায় সজীব আলী গুরুতর আহত হন।
তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যুবলীগে তার প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে বলে স্বজনরা দাবি করছেন।
গুলিবিদ্ধ সজীবের ভাই ও প্রত্যক্ষদর্শী সুজন আলী জানান, তার ভাই সজীব আলী পৌর যুবলীগের কর্মী।
দুপুর ২টার দিকে তিনি মল্লিকহাটির নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন।
এ সময় চারটি মোটরসাইকেলে করে যুবলীগকর্মী সাব্বির হোসেন ও হাসান আলীসহ সংগঠনটির অন্তত ১০ জন তাদের বাড়ি যান।
তাদের ডাকে সজীব বাড়ি থেকে বের হলে তাকে জোর করে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে যায়। সেখান থেকে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সুজন ও তার পরিবারের সদস্যরা সজীবকে ধরে রাখে।
ওই সময় সজীব মাটিতে পড়ে গেলে হামলাকারীরা সবার সামনে তার দুই পায়ের উরুতে দুটি গুলি করে।
সুজন আরও জানান, ঘটনার পরপরই সজীবকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে নাটোর থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।
নিজেদের মধ্যে লেনদেনের বিষয়াদি নিয়ে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী বলেন, “বিষয়টি নিতান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। এর সঙ্গে যুবলীগের কোনো সর্ম্পক নেই।”
