সুশীলরা বোমাবাজদের পক্ষে: হানিফ
সুশীল সমাজ বিএনপি জেটের পেট্রোল বোমাকে সমর্থন করে সরকারকে সংলাপের কথা বলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ।
শনিবার বাগেরহাটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, “সুশীল সমাজের নাম নিয়ে একদল মানুষ খালেদা জিয়ার পেট্রোল বোমাবাজদের পক্ষ নিয়ে সরকারকে সংলাপের কথা বলছে। সরকার কোন হত্যকারীর সাথে সংলাপে বসবে না। খালেদা জিয়া সাধারণ মানুষের ভোটের অধিকার হরণ করেছেন। বারবার অনুরোধ করার পরও তিনি গত ৫ জানুয়ারীর নির্বাচনে অংশ নেননি।
“এখন তারাই নির্বাচনের দাবিতে জামায়াত-শিবিরকে সাথে নিয়ে অবরোধ-হরতালের নামে দেশব্যাপী নাশকতার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। জনগণকে সাথে নিয়ে তাদের আওয়ামী লীগ প্রতিহত করবে।”
অবরোধ ডেকে কোন কারণ ছাড়াই খালেদা জিয়া নিরীহ মানুষকে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে হত্যা করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “এটা কোন রাজনীতির অংশ নয়। সন্ত্রাসীদের যেভাবে দমন করা হয় সেভাবে শেখ হাসিনার নেতৃর্তে বর্তমান সরকার শক্ত হাতে সন্ত্রাস দমন করবে “
বাগেরহাটের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে বাগেরহাট জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন হানিফ।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মের হোসেনের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক প্রমুখ।
ত্রি-বার্ষিক সম্মেলনে ডা. মোজাম্মেল হোসেনকে দ্বিতীয়বারের মতো সভাপতি এবং শেখ কামরুজ্জামান টুকুকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়।
