মহিউদ্দিনকে নিয়ে বই ‘স্বপ্নের ফেরিওয়ালা’
মহিউদ্দিন চৌধুরীকে মুক্তিযুদ্ধের চেতনার লড়াইয়ে চট্টগ্রামের ‘সেনাপতি’ বলে অভিহিত করেছেন চট্টগ্রামের কয়েকজন শীর্ষ রাজনীতিবিদ।
শনিবার দুপুরে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বর্ষীয়ান রাজনীতিবিদ এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জীবন নিয়ে সাংবাদিক মোয়াজ্জেমুল হকের লেখা ‘স্বপ্নের ফেরিওয়ালা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তারা।
গণমানুষের এই নেতার শেষ জীবন যেন ‘গৌরবান্বিত’ হয় সেদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদল ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
সহকর্মী রাজনীতিবিদ, শিক্ষক ও সাংবাদিকের স্মৃতিচারণায় উঠে আসে মহিউদ্দিনের পাঁচ দশকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তার প্রিয় গান-কবিতা আর সহধর্মিনীর ব্যতিক্রমী ভালোবাসা নিবেদনে ভিন্ন মাত্রা পায় এ আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সাংসদ মঈনুদ্দিন খান বাদল বলেন, “এখন দেশে যা হচ্ছে তা হলো একাত্তরের পুর্নঃআবির্ভাব। একাত্তরের অসমাপ্ত কাজ আমাদের কাঁধে চেপে বসেছে।
“এ কাজ বাস্তবায়নে অবিকল্প পছন্দ মহিউদ্দিন চৌধুরী। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লড়াইয়ে তিনিই চট্টগ্রামের শেষ সেনাপতি। নেত্রীকে স্মরণ করিয়ে দেব- লড়াই সংগ্রামের দ্রোণাচার্য মহিউদ্দিন।”
আগামী পাঁচ বছরে চট্টগ্রামে এক লাখ কোটি টাকার বিনিয়োগ হবে জানিয়ে বাদল বলেন, এ উন্নয়ন হজম করতে পারলে চট্টগ্রাম সিঙ্গাপুর হবে তা না হলে নাইজেরিয়া হবে।
“এখানে তাই এমন একজনকে দরকার যে মানুষের বিরুদ্ধে যাবে না। মাথা নত করবে না। মহিউদ্দিন তার সারা জীবন ধরে তাই করেছেন। দেশ মানুষ ও রাষ্ট্রের সপক্ষে দাঁড়িয়েছেন। লেট হিম এন্ড হিস ইনিংস গ্লোরিয়াসলি।”
বাদল বলেন, এমন কাউকে তাই চট্টগ্রামের দায়িত্ব দেওয়া যাবে না যে কথায় কথায় কদমবুসি করবে। বিদেশিরা যখন আসবে তাদেরও কদমবুসি করবে। শুধু সমুদ্র নয় ডলার পেলে নিজের ঘরবাড়িসহ বিক্রি করে দেবে। চট্টগ্রামকে তারা সস্তায় বিক্রি করে দেবে।
প্রধান অতিথির বক্তব্যে গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, “আমরা তার বয়োজ্যেষ্ঠ হলেও সবসময় আন্দোলনের নেতৃত্বে ছিলেন তিনি। আন্দোলন-সংগ্রামের অপর নাম মহিউদ্দিন।
“পঁচাত্তর পরবর্তী সময়ে আত্মগোপনে থেকে মহিউদ্দিন সক্রিয় ছিল। সেদিন দেখেছিলাম তরুণরা তার পেছনে ঐক্যবদ্ধ ছিল।’’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ বলেন, “তখন নগরীর রাজনীতিতে মহিউদ্দিনকে নেতৃত্বে আনতে আমি কৌশলের আশ্রয় নিয়েছিলাম। তিনি প্রমাণ করেছেন, তিনি অদ্বিতীয়। আমারও কামনা- তার শেষ জীবন যেন গৌরবান্বিত হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, যাদের কিছুই নেই তারা মনে করেন মহিউদ্দিন আমাদের লোক। এ অর্জন অনেক বড়।
“চট্টগ্রাম মহিউদ্দিনকে ভুলতে পারে না। মহিউদ্দিনও চট্টগ্রামকে ভুলতে পারেন না। আমরাও পারি না মহিউদ্দিন ছাড়া চট্টগ্রামকে কল্পনা করতে।”
অনুষ্ঠানের সভাপতি সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, “মহিউদ্দিন সারাজীবন নির্যাতিত-পরাজিত-হেরে যাওয়া মানুষের রাজনীতি করেছেন। চট্টগ্রামের কোনো মানুষকে নিয়ে জীবদ্দশায় কোনো গ্রন্থ রচনা হয়েছে আমার জানা নেই।
“আমার ছাত্র মহিউদ্দিনকে আমি শ্রদ্ধা জানাই। আর্শীবাদ করছি, চট্টগ্রামের নিপীড়িত মানুষকে মুক্ত করতে তাদের শিক্ষা-স্বাস্থ্য ও সংস্কৃতিকে ঋদ্ধ করতে যে কাজ মহিউদ্দিন করে গেছে বাকি জীবনও তাই করে যাক।”
অনুষ্ঠানে মহিউদ্দিনের সহধর্মিনী হাসিনা মহিউদ্দিন বলেন, “একজন রাজনীতিবেদর সঙ্গে ঘর করা খুব কঠিন। তাকে কাছেও টানা যায় না, দূরেও ঠেলা যায় না। অনেক কষ্ট সয়েছি। মহিউদ্দিন চৌধুরীকে আমি আপনাদের কাছে উৎসর্গ করেছি।
“আজ এখানে প্রবেশের সময় ঢোল বাজছিল। তাকে কানে কানে বললাম, আমাদের বিয়েতে বাদ্য বাজেনি বলে তোমার আক্ষেপ ছিল। আজ যেন তাও পূরণ হলো।”
এত সব প্রশংসার জবাবে মহিউদ্দিন চৌধুরী বলেন, “আমি আত্মপ্রচার পছন্দ করি না। কার জন্য কি করেছি তা মনে রাখার চেষ্টাও করি না। আমি বিত্তশালী পরিবারের সন্তান নই। দরিদ্র মানুষের কষ্ট আমি দেখেছি।
“কি করলে তাদের উন্নতি হবে শুধু তাই চেয়েছি। আমার স্বপ্নের ১০ শতাংশ পূরণ হয়েছে। তাই শিক্ষার জন্য কাজ করেছি। বিশ্বাস করি ভবিষ্যত প্রজন্ম শিক্ষিত হলে চট্টগ্রামের সম্পদ-সম্ভাবনাকে যথাযথ কাজে লাগাতে পারবে।
“আমার বাকি স্বপ্ন তারা পূরণ করবে। আমি আমরণ চট্টগ্রামের মানুষের সাথে থাকব।”
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অ্যধাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, লেখক মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাংবাদিক এম নাসিরুল হক ও হাসান আকবর।
