রাজনীতির নামে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে: বুলবুল
দেশে রাজনৈতিক কর্মসূচির নামে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।
শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত চলমান সহিংসতার বিরুদ্ধে আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে এই মন্তব্য করেন তিনি।
সাংবাদিক নেতা বুলবুল বলেন, ভোটের অধিকারের নামে রাতের আঁধারে পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা এবং অবরোধ-হরতালের নামে শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিপন্ন করা হচ্ছে।
“এগুলো কোনোভাবে মেনে নেওয়া যায় না।”
রাজনৈতিক এই কর্মসূচির নামে দেশে সন্ত্রাসী কার্যক্রম চলছে অভিযোগে করে তিনি বলেন, ২০ দলীয় জোট বোমাবাজি-সন্ত্রাস, পেট্রোল বোমা মেরে বাংলাদেশকে পাকিস্তান বানাতে এবং অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।
সিইউজের সভাপতি এজাজ ইউসুফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি আবু তাহের মুহাম্মদ, যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।
সমাবেশে সংহতি প্রকাশ করে সংরক্ষিত মহিলা আসনের এমপি সাবিহা মুসা, সিডিএ চেয়ারম্যান আব্দুচ ছালাম, ওয়ার্কাস পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম, গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা. চন্দন দাশ ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক ফরিদ মাহমুদ।
