২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোল বোমা ছুড়তে গিয়ে গুলিবিদ্ধ ২ যুবদলকর্মী

গাজীপুর শহরে পেট্রোল বোমা ছোড়ার সময় দুই যুবদলকর্মীকে গুলি করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 07:06 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান জানান, শুক্রবার বিকালে ওই ঘটনার পর ওই দুজনকে আটক করা হয়।

এরা হলেন শহরের মুন্সিপাড়ার আব্দুস সামাদের ছেলে মো. নাসির উদ্দিন (২৪) ও ভাওয়াল রাজবাড়ি ট্যাঙ্কিরপাড়ের সানোয়ার হোসেনের ছেলে মো. রোমান মিয়া (৩০)।

চিকিৎসার জন্য তাদেরকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

মাহফুজুর রহমান আরও জানান, বেলা পৌনে ৩টার দিকে শিববাড়ি মোড় এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা মারতে গেলে পুলিশ তাদের ধাওয়া করে।

ওই সময় পুলিশের পিকআপ লক্ষ্য করে বোমা ছুড়তে উদ্যত হলে তাদের হাঁটুর নিচে গুলি করা হয়।

গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে এ দুজনকে আটক করে তাদের কাছ থেকে দুইটি পেট্রোল বোমা, একটি চাকু ও দুইটি ম্যাচ উদ্ধার করে পুলিশ।

পরে তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশ কর্মকর্তা মাহফুজুর জানান।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার বলেন, দুজনেরই হাঁটুর নিচে গুলির আঘাতের চিহ্ন রয়েছে।

উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।