খালেদার কার্যালয়ের সামনে থেকে নিহত জনির স্বজন আটক
গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের নিহত নেতা নুরুজ্জামান জনির স্বজনদের তুলে নেওয়ার পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে গত ২০ জানুয়ারি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন খিলগাঁ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনি। স্বনদের দাবি, তাকে হত্যা করা হয়েছে।
জনির স্বজনরা বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এর মধ্যে জনির স্ত্রীর খালাত বোন ছাত্রদল নেত্রী সেলিনা সুলতানা নিশীতাও ছিলেন।
সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে জনির স্ত্রী মনিরা পারভিন মনীষা, বাবা ইয়াকুব আলী, মা মরিয়ম বেগম, শাশুড়ি সুমি হক ও ছোট বোন ফাতেমাতুজ্জোহরা তুলি একটি সিএনজি অটোরিকশায় করে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আসেন।
তারা কার্যালয়ের সামনে পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্যদের কাছে আসার কারণ বলেন।
জনির স্ত্রী সন্তানসম্ভবা মনীষা বলেন, “আমি বেগম খালেদা জিয়াকে মায়ের মতো মনে করি। তার দোয়া নিতে আমি এখানে এত কষ্ট করে এসেছি। এ মাসেই আমরা ডেলিভারি। দয়া করে আমাকে যেতে দিন।”
তবে পুলিশ কর্মকর্তারা তাদের ঢুকতে দেননি।
সাড়ে ৮টার দিকে তারা চলে যেতে অটোরিকশায় উঠতে গেলে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিশীতাকে মহিলা পুলিশের একটি দল জোর করে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়।
এরপর অটোরিশার চালকের আসনের পাশে বসে সাদা পোশাকের পুলিশ সদস্য জনির পরিবারের সদস্যদের গুলশান থানায় নিয়ে যায়।
ঘটনাস্থলে কর্তব্যরত ডিএমপির সহকারী কমিশনার (প্রশাসন) মোক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরা এখানে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছিল, তাই তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নেওয়া হয়েছে।”
থানায় নেওয়ার আধা ঘণ্টা পর নিশীতাকে রেখে অন্য সবাইকে ছেড়ে দেওয়া হয়।
নিশীতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গুলশান থানার এএসআই গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ, সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি তিনি।
এদিকে রাতে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম এ আজিজ, সহসভাপতি আমিরুল ইসলাম কাগজী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন, কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম, খোরশেদ আলম বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে গেলে পুলিশ তাদের ফিরিয়ে দেয়।
