২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফালু ফের রিমান্ডে

নাশকতার দুই মামলায় দুই দফা রিমান্ড শেষে খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে আবারো বোমাবাজির এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 04:10 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

পুরনো খবর:

খালেদার উপদেষ্টা ফালু পাঁচ দিনের রিমান্ডে

ঢাকার মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভুইয়া বুধবার তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে খিলগাঁও থানার গাড়ি পোড়ানোর এক মামলায় পাঁচ দিন এবং বাড্ডা থানার গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় তিন দিন রিমান্ডে পাঠানো হয়েছিল এনটিভির অন্যতম মালিক ফালুকে।

দ্বিতীয় দফা রিমান্ড শেষে দুপুরে মোসাদ্দেক আলী ফালুকে আদালতে হাজির করা হয়। গত ২৮ জানুয়ারি মিরপুরে গাড়িতে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে যাত্রী হত্যাচেষ্টার মামলায় তাকে ১০ দিনের হেফাজতে চান তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম।

এ সময় রিমান্ড আবেদন বাতিল এবং ফালুর জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।

শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে তার পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধে গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও হাতবোমা বিস্ফোরণে অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

হরতাল-অবরোধে নাশকতার মধ্যে গত ১ জানুয়ারি রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরোনোর পর মোসাদ্দেক আলী ফালুকে গ্রেপ্তার করে পুলিশ।

ফালু ছাড়াও নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দুই দফায় এবং দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।