জাতিসংঘের সামনে বিএনপির বিক্ষোভ
বাংলাদেশের চলমান পরিস্থিতিতে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে বিশ্ব সংস্থাটির সদর দপ্তরের সামনে মানববন্ধন করেছেন বিএনপির প্রবাসী নেতা-কর্মী-সমর্থকরা।
মঙ্গলবার দুপরে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে বাংলাদেশে এক মাসের বেশি সময় ধরে অবরোধ চলার মধ্যে নিউ ইয়র্কে এই কর্মসূচি পালিত হল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানও সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, বাংলাদেশের চলমান সঙ্কট কাটাতে জাতিসংঘের যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবেন তারা।
তবে অবরোধের মধ্যে নাশকতার জন্য বিএনপিকে দায়ী করে তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে আসছে আওয়ামী লীগ।
জাতিসংঘের সামনে মানববন্ধনে প্রবাসী বিএনপি নেতারা বাংলাদেশে গ্রেপ্তার ২০ দলের নেতাদের অবিলম্বে মুক্তিও দাবি করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, মোস্তফা কামাল পাশা বাবুল, জসীম ভূইয়া, অলিউল্যাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাইদুর রহমান সাইদ, হাবিবুর রহমান সেলিম রেজা, কামাল উদ্দিন, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, ইলিয়াস খান, সৈয়দা মাহমুদা শিরিন, রুহুল আমিন নাসির প্রমুখ।
একই দাবিতে ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি বিক্ষোভ করবে বলেও ঘোষণা দেন তারা।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জাতিসংঘের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে বিএনপি ও জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার দাবি জানানো হয়। তারপরই বিএনপি এই মানববন্ধন করল।
