সমঝোতা না হলে দেশের অস্তিত্বের সঙ্কট: ওসমান ফারুক
বাংলাদেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক সমঝোতা না হলে দেশের অস্তিত্ব সঙ্কটের মধ্যে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওসমান ফারুক।
তবে এই সঙ্কট থেকে মুক্তির জন্য নিজেরা কোনো ছাড় না দিয়ে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান।
গত রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক সমাবেশে তিনি বলেন, “চলমান আন্দোলন বিএনপির নয়, এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন। শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সকলে পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ নির্বাচনের তফসিল ঘোষণা করলেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটবে।
“সমঝোতার মাধ্যমে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। নইলে বর্তমানের এই জাতীয় সঙ্কট বাংলাদেশের অস্তিত্বের সঙ্কটে রূপান্তরিত হবে।”
ফ্লোরিডার বাংলাদেশি অধ্যুষিত ফোর্ট লডারডেল সিটিতে একটি রেস্তোরাঁয় বিএনপির সমাবেশে একথা বলেন তিনি।
সাবেক মন্ত্রী ওসমান ফারুক বলেন, “এই আওয়ামী সরকার হচ্ছে উপমহাদেশের নিকৃষ্টতম সরকার। এদের মিথ্যাচার আর প্রতারণা গোয়েবলসকে হার মানিয়েছে। নিষ্ঠুরতায় নাৎসীদেরকেও ছাড়িয়ে গেছে।”
ফ্লোরিডা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইমরানুল হক চাকলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আরিফ আহমেদ আশরাফ, মোশারফ হোসেন, নাসিম খান, আলমগীর কবীর, খলিলুর রহমান, রফিকুল হক ও এস এম কামাল হোসেন।
এদিকে একই দিন নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির এক সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের আন্দোলনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চাওয়া হয়।
নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মো. বশির, মোস্তফা কামাল পাশা বাবুল ও আকতার হোসেন বাদল।
সংবাদ সম্মেলন শেষে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত হয়।
