২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার কার্যালয় ঘেরাওয়ে সৈনিক লীগ

অবরোধ-হরতাল প্রত্যাহারের দাবিতে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ে গিয়ে পুলিশের বাধা পেয়ে গুলশানে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ সমর্থক সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 08:28 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সৈনিক লীগের দুই শতাধিক নেতা-কর্মী গুলশান দুই নম্বর সড়কে জড়ো হয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের দিকে যাত্রা শুরু করে। 

পুলিশ বাধা দিলে তারা গুলশান দুই নম্বর চত্বরে ফিরে এসে কিছুক্ষণ অবস্থান করে কর্মসূচি শেষ করে।

সেখানে সমাবেশে সৈনিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম বলেন, “আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, বেগম খালেদা জিয়া যদি অনতিবিলম্বে হরতাল-অবরোধ প্রত্যাহার না করেন, তাহলে আমরা গুলশানের কার্যালয়ে ঘেরাও করব। ওই কার্যালয়ে আমরা ঢুকে পড়ব, কেউ আমাদের রুখতে পারবে না।”

লাগাতার অবরোধ ডেকে এক মাসের বেশি সময় ধরে গুলশানের কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া।

এর মধ্যে পরিবহন শ্রমিক লীগ, দিনমজুর ও শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহারের দাবি জানিয়ে ওই কার্যালয়ের সামনে অবস্থান-মানববন্ধন করে।