ছাত্রদলের দপ্তর সম্পাদক গ্রেপ্তার
বিএনপি জোটের লাগাতার অবরোধ ও হরতালের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারীকে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশ সাত্তারকে গ্রেপ্তার করছে জানালেও তার বিরুদ্ধে কী অভিযোগ, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
অবরোধ ও হরতালের মধ্যে ছাত্রদল ছাত্র ধর্মঘট ডেকে আসছিল, যে কর্মসূচি জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠাচ্ছিলেন দপ্তর সম্পাদক সাত্তার।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির বেশ কয়েকজন নেতা ইতোপূর্বে গ্রেপ্তার হয়েছেন, যাদের হরতাল-অবরোধে নাশকতার মামলায় আসামি করা হয়েছে।
