শমসের ও দুদু রিমান্ডে
আলাদা দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে জিজ্ঞাসাবাদে চার দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত।
রোববার রাজধানীর বংশাল ও রূপনগর থানার দুটি মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের দুইজন বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক রূপনগর থানার মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ সময় আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান।
৮ জানুয়ারি রাজধানীর বনানী ডিওএইচএসের ১ নম্বর রোডের ৯২নং বাসা থেকে শমসের মবিনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর তিন দিন পর ১১ জানুয়ারি রাতে রাজধানীর মিরপুর এলাকার একটি রেস্তোরাঁ থেকে শামসুজ্জামান দুদুকে আটক করা হয়।
