২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজভী ডিবি কার্যালয়ে

 র‌্যাবের কাছ থেকে পাওয়ার পর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2015, 04:57 PM

Updated : 22 Aug 2022, 11:35 AM

শনিবার ভোররাতে বিএনপির যুগ্মমহাসচিবকে ঢাকার বারিধারার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল র‌্যাব।

বিকাল ৪টার দিকে র‌্যাব তাকে বাড্ডা থানায় হস্তান্তর করে। আধা ঘণ্টা পর তাকে নিয়ে যাওয়া হয় রমনায় ডিবি পুলিশের কার্যালয়ে।

বাড্ডা থানার ওসি এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সার্বিক নিরাপত্তার প্রয়োজনে তাকে (রিজভী) গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। রোববার তাকে আদালতে নেওয়া হবে।”

জমির উদ্দিনের নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় রিজভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ওসি জানান।

অনাবিল পরিবহনের একটি গাড়ি পোড়ানোর এই মামলায় মোট ২৮ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে বিএনপির যুগ্মমহাসচিব অন্যতম।

বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে গত সোমবার বাড্ডা-গুলশান সংযোগ সড়কে বাসটিতে আগুন দেওয়া হয় বলে বাড্ডা থানার এসআই হুমায়ুন কবির জানিয়েছেন।

কিছু দিন ধরে অজ্ঞাত স্থান থেকে রিজভী নিয়মিত বিবৃতি পাঠিয়ে হরতাল-অবরোধের ঘোষণা দিয়ে আসছিলেন। সর্বশেষ শুক্রবার বিকাল ৫টায় দলের পক্ষে এক বিবৃতিতে অবরোধের পাশাপাশি সারাদেশে রোববার থেকে টানা তিন দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেন তিনি।

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে গত ৩ জানুয়ারি রাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘অসুস্থ’ হয়ে পড়লে পুলিশ তুলে নিয়ে রিজভীকে হাসপাতালে ভর্তি করে।

Image
হাসপাতাল ছাড়ার পর গুলশানের একটি বাড়িতে কয়েকজন সাংবাদিকের সামনে কর্মসূচি ঘোষণা করছেন রিজভী (ফাইল ছবি)

হাসপাতাল ছাড়ার পর গুলশানের একটি বাড়িতে কয়েকজন সাংবাদিকের সামনে কর্মসূচি ঘোষণা করছেন রিজভী (ফাইল ছবি)

তার চার দিনের মাথায় গভীর রাতে সেখান থেকে চুপিসারে বেরিয়ে যান রিজভী। এর পর থেকেই গোপন স্থান থেকে বিবৃতির মাধ্যমে দলের কর্মসূচি ঘোষণা করে আসছিলেন তিনি।

নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা গত ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে লাগাতার অবরোধের ঘোষণা দেন।

এর মধ্যে প্রতি সপ্তাহেই দেশের বিভিন্ন স্থানে হরতালও ডাকছে বিএনপি জোট।

এসব কর্মসূচিতে নাশকতায় মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের, যাদের বেশিরভাগেই গাড়িতে আগুনে পুড়ে মারা গেছেন।

পুরনো খবর:

গভীর রাতে রিজভী গ্রেপ্তার