২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন হবে: মহিউদ্দিন

অবরোধ-হরতালের নাশকতার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দায়ী করে তাকে গ্রেপ্তারে চট্টগ্রাম থেকে আন্দোলন শুরু হবে বলে মন্তব্য করেছেন মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 11:17 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

‍বৃহস্পতিবার বিকালে নগরীর আন্দরকিল্লা মোড়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ আয়োজিত নাশকতাবিরোধী মিছিলের আগে সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, খালেদা জিয়ার প্রত্যক্ষ ইন্ধনে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে।

“খালেদা জিয়াকে হুকুমের আসামি করে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। তা না হলে বাংলাদেশ পুড়ে ছারখার হবে। তাকে গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম থেকেই তুমুল আন্দোলন শুরু হবে।”

মহিউদ্দিন চৌধুরী বলেন, এদেশের ছাত্রসমাজের বিপ্লবী ঐতিহ্য রয়েছে। মহান ভাষা আন্দোলন থেকে একাত্তর ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের ফসল। আজ আবারও ছাত্র সমাজকে বাঙ্গালি জাতিসত্ত্বা বিরোধী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে।

নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

সমাবেশ শেষে একটি লাঠি মিছিল আন্দরকিল্লা থেকে শুরু হয়ে বক্সির বিট, লালদীঘি পাড়, কোতোয়ালী মোড়, নিউমার্কেট ঘুরে পুরাতন রেল স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। 

এর আগে বুধবার বিকালে নগরীর জয়িতুল ফালাহ জাতীয় মসজিদ এলাকা থেকে আরেকটি লাঠি মিছিল বের করেছিল মহানগর যুবলীগ।