২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মদদদাতাদের ধরে পুলিশে দেওয়া হবে: মহিউদ্দিন

চট্টগ্রাম নগরীতে নাশকতা-বোমাবাজির মদদদাতা ২০ দলীয় জোটের নেতাকর্মীদের ধরে পুলিশের কাছে সোপর্দ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 09:31 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

মঙ্গলবার বিকালে নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বোমা মেরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আওয়ামী লীগ কর্মীদের দমানো যাবে না।

“নগরীর যে ওয়ার্ডে যে স্থানে নাশকতা-বোমাবাজি হবে সেই স্থানের সন্দেহভাজন-মদদদাতা ২০ দলীয় জোটের নেতাকর্মীকে আটক করে আইনের হাতে সোপর্দ করা হবে।”

মহিউদ্দিন চৌধুরী বলেন, নিরীহ জনতার উপর সন্ত্রাস-নৈরাজ্য-বোমাবাজি কখনোই আন্দোলনের কর্মসূচি হতে পারে না। খালেদা জিয়া কখনোই অবরুদ্ধ ছিলেন না। তিনি অভিনয় করেছেন।

“বিপ্লবীকে কেউ আটকে রাখতে পারে না। সদিচ্ছা থাকলে জনগণের কাতারে এসে আন্দোলন করা যায়।”

নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক আহমুদুর রহমান সিদ্দিকি, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার ও মাহবুবুল হক সুমন।