২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক সংকট নেই: হানিফ

বিএনপির অবরোধে নাশকতায় প্রাণহানির মধ্যে খালেদা জিয়া পরিস্থিতির উত্তরণে যে রাজনৈতিক উদ্যোগ চেয়েছেন তা নাকচ করেছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 03:39 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

পুরনো খবর:

অবরোধ চলতে থাকবে: খালেদা

খালেদা জিয়ার ওই বক্তব্য খারিজ করে ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বর্তমানে দেশে কোনো ‘রাজনৈতিক সংকট নেই’, যা চলছে তা সন্ত্রাসী কর্মকাণ্ড।

প্রশাসনিকভাবেই এসব কর্মকাণ্ড মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

১৫ দিনের ‘অবরুদ্ধ অবস্থার’ অবসানের পর সোমবার সংবাদ সম্মেলন করে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন,“দেশের চলমান সঙ্কট নিছক আইন শৃঙ্খলার সমস্যা নয়, এটি একটি রাজনৈতিক সঙ্কট। এর রাজনৈতিক সমাধানের উদ্যোগ গ্রহণের জন্য আমরা আবার আহ্বান জানাচ্ছি।”

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেত্রীর বক্তব্যের জবাব দেন হানিফ।

তিনি বলেন, “দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্বাভাবিক নয়। একটি গোষ্ঠী দেশকে অকার্যকর করতে পরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্র বানাতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

“বোমাবাজি, পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারা কি রাজনৈতিক সংকট? এটা রাজনীতির অংশ হতে পারে না, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আর এ সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিকভাবে নয়, প্রশাসনই মোকাবেলা করবে।”

নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “পেট্রোল বোমার মাধ্যমে দেশে জঙ্গিবাদী রাজনীতির উত্থান হচ্ছে। ফ্রান্স, বেলজিয়ামে সন্ত্রাসের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে। সেই যুদ্ধ যদি ন্যায়সঙ্গত হয়, তাহলে আমাদের দেশের সন্ত্রাস ও জঙ্গিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই ন্যায় ও যৌক্তিক।”

গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমায় প্রাণহানির জন্য বিএনপি নেতৃত্বকে দায়ী করে মাহবুব উল আলম হানিফ বলেন, “জিয়া পরিবারের লোভের লেলিহান শিখায় আজ পুড়ছে বাংলাদেশ। নারী, পুরুষ, শিশু, চিকিৎসক, শিক্ষক-শিক্ষার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ তাদের নৃশংসতা থেকে রেহাই পাচ্ছে না।

“সাধারণ জনগণ খালেদা জিয়ার ধ্বংসাত্মক রাজনীতিকে সমর্থন করছে না বলে জনগণের ওপর প্রতিশোধ নিচ্ছেন তিনি।”

বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অবস্থান নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, “একদিকে মানুষ পুড়িয়ে মারছেন, অন্যদিকে গুলশানের কার্যালয়ে বসে শীতকালীন পিকনিক করেছেন বেগম জিয়া।”

সোমবার ওই কার্যালয়ে খালেদা জিয়ার দলীয় নেতাদের সঙ্গে বৈঠক ও সংবাদ সম্মেলন তার অবরুদ্ধ না থাকার প্রমাণ দেয়-মন্তব্য করে হানিফ বলেন, “তিনি অবরুদ্ধ’র নামে নাটক করেছেন। আমরা এতোদিন যে দাবি করেছি, তাই প্রমাণিত হয়েছেন।”

দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিনে ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি ঘোষণার পরে গুলশানের কার্যালয়ে গিয়ে সেখান থেকে বেরোতে বাধা পান খালেদা জিয়া। কার্যালয়ের সামনে পুলিশের নিরাপত্তা বেষ্টনী তৈরির পাশাপাশি সেখানে বালুর ট্রাক ও বড় লরি রেখে তার পথ আটকানো হয়।  ৫ জানুয়ারি দ্বিতীয় দফায় বেরোনোর চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর সারা দেশে অবরোধের ডাক দেন বিএনপি প্রধান।

এর ১৫ দিনের মাথায় রোববার গভীর রাতে তার কার্যালয়ের সামনে থেকে বাড়তি পুলিশ ও ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান প্রমুখ উপস্থিত ছিলেন।