পদত্যাগ করে নির্বাচন দিন: ২০ দল
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে অবরোধ চালিয়ে যাওয়া ২০ দল সরকারকে এই মুহূর্তে পদত্যাগ করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে।
অবরোধের দ্বাদশ দিন শনিবার জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “জোটনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দিতে হবে। এই মুহূর্তে এই অবৈধ সরকারকে পদত্যাগ করে সকলের অংশগ্রহণে একটি স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা নিতে হবে।”
দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে ২০ দল, যে কর্মসূচিতে সহিংসতায় ইতোমধ্যে প্রায় ২০ জন নিহত হয়েছেন।
চলমান আন্দোলনে নিহত নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে বিরোধী জোট।
সরকারের দমন-পীড়নের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, “গণমানুষের অবরোধ কর্মসূচির ওপর সরকারের বিভিন্ন বাহিনীর কাপুরুষোচিত বর্বর হামলার নিদর্শনগুলো দেখলে মনে হয়, সরকার মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে।
“এজেন্টদের দিয়ে যানবাহনে আগুন লাগিয়ে পরিকল্পত নাশকতা করে বিরোধী দলের ওপর দায় চাপানো ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রকাশ্যে বুকে গুলি করার নির্দেশ প্রদান থেকে বুঝা যায়, ভয়ংকর পরিস্থিতি এখন দেশে বিরাজমান।”
চাঁপাইনবাবগঞ্জে কথিত বন্দুকযুদ্ধের মাধ্যমে ছাত্রদলের এক নেতাকে হত্যা করা হয়েছে দাবি করে তার প্রতিবাদ জানিয়েছে ২০ দল।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ জোটের সব পর্যায়ের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছে তারা।
পুলিশ ও বিজিবি প্রধানের বক্তব্যে ক্ষোভ
অবরোধে নাশকতা নিয়ে পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক এবং বিজিবি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ২০ দল।
বিবৃতিতে বলা হয়, “তাদের বক্তব্যে জাতি স্তম্ভিত ও হতবাক হয়েছে। ওই দুজনের ঔদ্ধত্যপূর্ণ ও এখতিয়ার বহির্ভূত বক্তব্যে জনমনে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে।”
বোমাবাজদের গুলি করতে বিজিবি সদস্যরা কুণ্ঠিত হবে না বলে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন মেজর জেনারেল আজিজ। শহীদুল শুক্রবার এক অনুষ্ঠানে বলেছিলেন, অবরোধ বেআইনি কর্মসূচি।
২০ দল বলেছে, “বিজিবির হাতে মারণাস্ত্র জনগণের টাকায় কেনা। এটি কোনো দল ও ব্যক্তির প্রাইভেট বাহিনী নয়।
“পুলিশের আইজি বিএনপি চেয়ারপারসন সম্পর্কে যেভাবে বক্তব্য রেখেছেন, তাতে মনে হয়, একজন ছাত্রলীগের নেতা পুলিশের পোষাক পরে বক্তব্য দিয়েছেন। তার (আইজি) বক্তব্য চরম ধৃষ্টতাপূর্ণ।”
আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রতিরক্ষা বাহিনীকে ‘অবৈধ’ সরকারের নির্দেশ না মানতেও আহ্বান জানিয়েছে ২০ দল।
“সেনাবাহিনী ও সকল আইন প্রয়োগকারী সংস্থার ভাইয়ের কাছে একটি প্রশ্ন, তারা কি ৫ শতাংশ ভোটের অবৈধ সরকারের নির্দেশ শুনবে, না কি ৯৫ শতাংশ মানুষের পক্ষে থাকবে? এদেশের অত্যাচারীরা কোনোদিনই টিকতে পারেনি।”
