২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণই অবরোধকারীদের প্রতিহত করবে: কামরুল

সাধারণ মানুষ বিএনপির অবরোধে অতিষ্ঠ হয়ে শিগগিরই অবরোধকারীদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 10:08 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

শনিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজধানীতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, “সাধারণ মানুষ বিএনপির অবরোধে অতিষ্ঠ, কয়েকদিনের মধ্যেই তারা রাস্তায় নেমে অবরোধকারীদের গণধোলাই দিয়ে প্রতিহত করবে।”

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইজতেমার সময়ে অবরোধ প্রত্যাহার না করায় বিএনপি ও খালেদা জিয়ার সমালোচনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

হাছান মাহমুদ বলেন, “ইজতেমার সময়ে অবরোধ প্রত্যাহার না করায় শুধু জনগণের নয়, ইসলামের শত্রুতে পরিণত হয়েছেন বেগম জিয়া।”

অবরোধ দুষ্কৃতিকারীদের কাজ বলে মন্তব্য করে তিনি বলেন, “এদের সঙ্গে কোনো আপোষ নয়। দুষ্কৃতিকারীদের পাড়ায়-মহল্লায়-সারাদেশে প্রতিহত করতে হবে।”

কামরুল আরও বলেন, “বিএনপির সঙ্গে সংলাপ বা সমঝোতার কিছু নেই। নির্বাচন নয়, তাদের মূল এজেন্ডা মামলা থেকে অব্যাহতি নেওয়া।”

এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাগুলি মানবাধিকারের নামে বিএনপি ও জামায়াতের দালাল হিসেবে কাজ করছে অভিযোগ করেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, “এদের কার্যক্রম বাংলাদেশে বন্ধ করা উচিত। এরা দুষ্কৃতিকারীদের সহযোগীতে পরিণত হয়েছে। তারা বিএনপি নেত্রীর মানবাধিকার লংঘন হয়েছে বলে সরকারের সমালোচনা করছে। কিন্তু অবরোধে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। এতে তাদের মানবাধিকার লংঘিত হয় না।”

ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।