২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অকার্যকর রাষ্ট্র বানানোই খালেদার লক্ষ্য’

নির্বাচন নয় বরং বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানানোই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আন্দোলনের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আমীর হোসেন আমু।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 05:00 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বটতলায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “খালেদা জিয়ার আন্দোলনের উদ্দেশ্য নির্বাচন নয়, যুদ্ধাপরাধীর বিচার বানচাল করা এবং বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা।

“নির্বাচনের জন্য কোন ধরনের আন্দোলনের প্রয়োজন নেই। যথা সময়েই তা অনুষ্ঠিত হবে।”

আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ’ শীর্ষক ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমু।  

তিনি বলেন, “বঙ্গবন্ধুর নির্দেশে এই ছাত্রলীগ গণমানুষকে উদ্বুদ্ধ করে মুক্তিযুদ্ধে নেতৃত্বে দিয়েছিল। এই ছাত্রলীগ শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার লক্ষ্যে গণমানুষের সেবায় আত্মনিয়োগ করেছে, কোমলমতি শিশুদেরকে পাঠ্য-পুস্তক দিয়ে মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দিচ্ছে।”

এ সময় ছাত্রলীগ দেশের যেকোন সমস্যা মোকাবেলায় অবশ্যই সক্রিয় থাকবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমু।

বক্তব্য শেষে গরীব শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় অনুষ্ঠানের বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ডিন অধ্যাপক আক্তারুজ্জামান, ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী, লিয়াকত শিকদার এবং সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।