২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলনে আসছেন রওশনও

৫ জানুয়ারি ঘিরে বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচিতে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে সংবাদ সম্মেলনে আসছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 05:44 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন সোমবার সকাল ১১টায় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হবে বলে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসিহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বিএনপির বর্জনের মধ্যে গত বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয় জাতীয় পার্টি, বিরোধীদলীয় নেতা হন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন।

মসিহ বলেন, “নির্বাচনের এক বছর পূরণ হয়েছে। এক বছরে রাজনীতি, সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকা ইত্যাদি বিষয়ে ম্যাডাম কথা বলবেন।”

নির্বাচনের বছর পূর্তির দিন সোমবার জাতির উদ্দেশে ভাষণ নিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যদিকে বিএনপি দিনটি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে সমাবেশ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি দিলে এক বছর পর রাজনীতিতে উত্তাপ দেখা দেয়।

ওই দিন আওয়ামী লীগ পাল্টা সমাবেশের ঘোষণা দিলে পুলিশ ঢাকায় সোমবার সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় থাকার মধ্যেই জানিয়েছেন, সোমবার তিনি বের হবেন এবং কর্মসূচি পালন করবেন।

শনিবার রাতে কার্যালয় থেকে বের হওয়ার সময় পুলিশ বাধা দেয় বিএনপি চেয়ারপাসনকে। নয়া পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ও ঘিরে রেখেছে পুলিশ।

Image
গত ১ জানুয়ারি ঢাকায় জাতীয় পার্টির সমাবেশে রওশন এরশাদ (ফাইল ছবি)

গত ১ জানুয়ারি ঢাকায় জাতীয় পার্টির সমাবেশে রওশন এরশাদ (ফাইল ছবি)

বছরের শুরুতে বিএনপিবিহীন নির্বাচনে নাটকীয়ভাবেই অংশ নিয়েছিল এইচ এম এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি।

২০১৩ সালের ডিসেম্বরে হঠাৎ করেই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এরশাদ। এরপর ‘অসুস্থ’ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

এরশাদ হাসপাতালে থাকা অবস্থায় রওশনের নেতৃত্বে জাতীয় পার্টির একাংশ নির্বাচনে অংশ নেয়। নির্বাচনের পর রওশন বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ার পাশাপাশি এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত মনোনীত হন।

সংসদে বিরোধী দলের আসনে বসার পাশাপাশি বিরল এক ঘটনার জন্ম দিয়ে সরকারেও অংশ নেয় জাতীয় পার্টি। দলটির তিন নেতা মন্ত্রী ও প্রতিমন্ত্রী হন।

৩৪৫ আসনের বর্তমান সংসদে জাতীয় পার্টির মোট আসন ৪০টি, এর মধ্যে ৬টি সংরক্ষিত।

পুরনো খবর:

রাজপথে নামবেন খালেদা
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী