বিএনপিকে বর্জনে জামায়াতও: সুরঞ্জিত
‘ভুল’ কর্মসূচির কারণে বিএনপি ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
হরতালের কর্মসূচির সমালোচনা করে তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, “আপনিরাজনীতির ব্যাকরণ বুঝে কর্মসূচি দিন। এখন তো জামায়াতও বিএনপিকে বর্জন করতে শুরু করেছে। আপনার পাশে এখন আর কেউ থাকছে না।”
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতালের পরদিন মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনেিএক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।
হরতালে দলীয় কার্যালয়ে বসে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর প্রেস ব্রিফিংয়ের উল্লেখ করে সুরঞ্জিত বলেন, “এখন তো রিজভী একা ব্রিফিং করেন। তারও তো একটা মান-সম্মান আছে, ছাত্রনেতা ছিলেন। আবার হরতাল দিলে সেও আর ব্রিফিং করবে না।”
সোমবারের হরতালকে ‘হাস্যকর’ মন্তব্য করে তিনি বলেন, “যেভাবে গাড়ি-ঘোড়া চলেছে, তাতে বিএনপির হরতাল পর্বতের মূষিক প্রসব ছাড়া আর কিছু নয়।”
হরতালে নোয়াখালীতে ঢিলে একজন শিক্ষিকার মৃত্যুর জন্য খালেদা জিয়াকেই দায় নিতে হবে, বলেন সুরঞ্জিত।
“গঠনমূলক রাজনীতি করলে জনগণ আপনার দিকে ফিরে আসতে পারে,” বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে বলেন আওয়ামী লীগ নেতা।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বাংলাদেশে সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য হারুন চৌধুরী, ঢাকা মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন মিন্টু, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয় ও নৌকা সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি বক্তব্য রাখেন।
