২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা

হরতালের আগের দিন ঢাকায় গাড়ি পোড়ানোর ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতাদের আসামি করে মামলা করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 07:33 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

৪৩ বিএনপি নেতা-কর্মীর নাম উল্লেখ করে দায়ের করা এই মামলায় আসামির তালিকায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রয়েছেন ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানও।

এই মামলার প্রতিক্রিয়ায় বিএনপি বলেছে, বিরোধী দলের আন্দোলন বাধাগ্রস্ত করতে এই ‘মিথ্যা ও বানোয়াট’ মামলা করা হয়েছে।

গাজীপুরে খালেদা জিয়ার সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে সোমবার সারাদেশে হরতাল ডেকেছিল বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। 

হরতালের আগের দিন রোববার বিকালে পুরানা পল্টনে সরকারি একটি বাসে আগুন দেওয়া হয়। সেদিন মিরপুরে একটি অটোরিকশা পোড়ালে অগ্নিদগ্ধ হন এর তিন আরোহী।

বাস পোড়ানোর ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলাটি করেন পল্টন থানার এএসআই আব্দুল মালেক হাওলাদার।

পল্টন থানার ওসি মোরশেদ আলম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির ৪৩ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এই মামলা হয়েছে।

গত বছরজুড়ে রাজনৈতিক সংঘাতের ঘটনায় ফখরুলের বিরুদ্ধে সরকার ৫৯টি মামলা দিয়েছে বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্প্রতি তার এক বক্তব্যে উল্লেখ করেন।

মামলার প্রতিক্রিয়ায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আন্দোলন থেকে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার তার নিখুঁত পরিকল্পনার অংশ হিসেবে নিজেদের এজেন্টদের দিয়ে গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে উল্টো বিএনপি ও জোট নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে।”

রিজভী অবিলম্বে ‘মিথ্যা ও বানোয়াট’ এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান, যাকেও এই মামলায় আসামি করা হয়েছে।

এই মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন, বরকতউল্লাহ বুলু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিবউন নবী খান সোহেল, সুলতান সালাহউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নিরব, মীর সরফত আলী সপু, শফিউল বারী বাবু, রাজিব আহসান, আকরামুল হাসান, মাসুদ, জুয়েল, নজরুল ইসলাম প্রমুখ।

জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত আমির মকবুল হোসেন, সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান, ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা জসিমউদ্দিন সরকার, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকেও এই মামলায় আসামি করা হয়েছে।

Image
গত ২৮ ডিসেম্বর এই গাড়ি পোড়ানোর মামলায় আসামি করা হয়েছে মির্জা ফখরুলদের

গত ২৮ ডিসেম্বর এই গাড়ি পোড়ানোর মামলায় আসামি করা হয়েছে মির্জা ফখরুলদের

রিজভী বলেন, “এভাবে যত মামলা দেওয়া হবে, আন্দোলন তত শক্তিশালী হবে। এসব মামলা দিয়ে তাদের (সরকারের) শেষ রক্ষা হবে না।”

এই মামলার খবর প্রকাশ পাওয়ার আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মিথ্যা’ মামলা দিয়ে সরকার বিরোধী রাজনীতি নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে।

“বিরোধী দলের নেতৃবৃন্দের পর স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদেরও মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এভাবে তারা (সরকার) ত্রাসের রাজত্ব কায়েম করে গোটা দেশকে একটি কারাগারে পরিণত করেছে। এই সরকার যা করছে, তা পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানিয়েছে।”

এ অবস্থা থেকে উত্তরণে নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে ২০ দলের চলমান আন্দোলনে সবাইকে ঐক্যবব্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল।

ঢাকা মহানগর লেবার পার্টির কাউন্সিলে বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে পাঁচটি মামলার উল্লেখও করেন।

শাহ এ এম এস কিবরিয়া হত্যামামলায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জের পৌর মেয়র জি এম গউছকে কারাগারে পাঠানোর নিন্দাও জানান ফখরুল।

“বিরোধী দল থেকে নির্বাচিত এমন কোনো প্রতিনিধি নেই, যার বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি। আমাদের হিসাব অনুযায়ী, বিরোধী দলের বিরুদ্ধে ১৪ হাজার মামলা দায়ের করা হয়েছে। এর আসামি সংখ্যা সাড়ে ৫ লাখের মতো।”

আন্দোলনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই সরকারকে হটাতে আমাদের কঠিন সংগ্রামে নামতে হবে। এদের হটানো না গেলে দেশ অন্ধকার গহ্বরের  অতলে ডুবে যাবে।”

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ছাড়াও এই কাউন্সিলে বক্তব্য রাখেন দলের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, সিনিয়র সহসভাপতি প্রকৌশলী ফরিদ উদ্দিন, সহসভাপতি লোকমান হাকিম, এমাদাদুল হক চৌধুরী, আলাউদ্দিন আলী, সাংগঠনিক সম্পাদক ফারুক রহমান, মহানগর আহবায়ক মো. শামসুদ্দিন পারভেজ, সদস্য সচিব মাসুদ খান।

পুরনো খবর:

হরতালের আগে বোমা ও আগুনে আহত ৫