এই সরকার ইয়াহিয়ার চেয়েও কড়া: রফিকুল
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে ‘পাকিস্তানের ইয়াহিয়া খানের চেয়েও কড়া’ আখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, গণঅভ্যুত্থানই এ সরকারের পতন ঘটতে পারে।
শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “বর্তমানে দেশে এক জালেম সরকার ক্ষমতায় বসে আছে। পাকিস্তানের ইয়াহিয়া খানের চেয়েও তারা কড়া সরকার।”
রফিকুল বলেন, “রাজপথে তিন-চারজন মানুষ মারা গেলেই তারা ক্ষমতা ছেড়ে দেবে না। সারাদেশে গণঅভ্যুত্থান সৃষ্টি করা না গেলে এই সরকারের পতন ঘটানো যাবে না।”
জাতীয় প্রেস ক্লাবে ‘স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায় বিচার ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বিএনপিপন্থি সংগঠন বাংলাদেশ ইয়ুথ ফোরাম।
এই বিএনপি নেতার ভাষায়, দেশের বর্তমান পরিস্থিতি ‘ভয়াবহ’।
“বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ দূত জেনারেল মঞ্জুর হত্যার আসামি। এই সরকারের লোকজন দুর্নীতিতে নিমজ্জিত। দেশের মানুষের অর্থ লুটপাট করছে। কেবল তাই নয়, যারা সচিব হয়েছেন, তারা মুক্তিযুদ্ধের সনদ জালিয়াতি করেছেন।”
সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কিছু সরকারি কর্মকর্তার কথিত বৈঠক নিয়ে গণমাধ্যমে তার বক্তব্য সঠিকভাবে আসেনি বলেও দাবি করেন রফিকুল ইসলাম মিয়া।
গত বৃহস্পতিবার রাতে কয়েকটি টেলিভিশন ও অনলাইন সংবাদপত্রে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠক চলার খবর প্রচারিত ও প্রকাশিত হয়, যাতে প্রশাসনের একদল কর্মকর্তাও রয়েছেন বলে জানানো হয়।
এরপর রাতেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ওই খবর আদৌ সত্য নয়। তবে কয়েকটি গণমাধ্যমে রফিকুল ইসলামের বরাত দিয়েই বৈঠক হয়েছে বলে জানানো হয়।
রফিকুল ইসলাম বলেন, “আমার বক্তব্য গণমাধ্যম সঠিকভাবে প্রচার করেনি। আমি বলেছিলাম- দেশের বর্তমান পরিস্থিতিতে বিবেকবান মানুষ উপলব্ধি করেছেন তাদের মতামত বেগম খালেদা জিয়ার কাছে জানানো দরকার, এজন্য তারা দেখা করতে পারে।
“আমি কখনো আমলারা দেখা করছেন- এমনটি বলিনি। অথচ গণমাধ্যমে বলা হয়েছে, আমি নাকি আমলাদের কথা বলেছি। এটা সঠিক নয়।”
বৃহস্পতিবার একজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো প্রসঙ্গে রফিকুল বলেন, “আইন হচ্ছে- সরকারি সার্ভিস রুলে আছে, কেউ যদি বিধিমালা লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। যে কেউ কথা বলতে পারেন। কিন্তু দেশের স্বার্থের বিপক্ষে কেউ কথা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।”
অন্যদের মধ্যে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ব্যারিস্টার রুহিন ফারহানা আলোচনা সভায় বক্তব্য দেন।
