‘এখন আওয়ামী লীগের সাত খুন মাফ’
নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডের প্রধান আসামি নুর হোসেনকে এখনও দেশে না ফেরানোর প্রেক্ষাপটে চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ হলে সাত খুন মাফ।
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বৃহস্পতিবার নগর বিএনপি, ছাত্রদল ও যুবদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি।
শাহাদাত বলেন, “এ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে। র্যাব-পুলিশ মানুষের নিরাপত্তা দিতে পারছে না।
“র্যাব স্বীকার করেছে তাদের কর্মকর্তারা হ্ত্যাকাণ্ডে জড়িত ছিল। নুর হোসেনের এ কাজে জড়িত। নুর হোসেন আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর। তাকে ফেরত আনা হচ্ছে না।”
আব্দুল লতিফ সিদ্দিকীকে দেশে এনে গ্রেপ্তারের ‘নাটক’ হয় দাবি করে তিনি বলেন, ““আওয়ামী লীগ করলে সাত খুন মাফ। ইয়াবা পাচারকারী বদিকেও দুদক দায়মুক্তি দেয়। অথচ মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের পাঁয়তারা চলছে।”
সরকারের বিরুদ্ধে আন্দোলনে খালেদা জিয়ার ডাক এলে তাতে সাড়া দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান বিএনপি নেতা।
নাসিমন ভবনেস এই সমাবেশে সভাপতির বক্তব্যে নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দিপ্তী বলেন, “সরকার গত আট বছরে তারেক রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি।
“এখন তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের সঠিক ইতিহাস জনগণকে জানাতে চাইছেন। এখন মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে।”
সভায় নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজও বক্তব্য রাখেন।
