বিনা প্রতিদ্বন্দ্বিতার এমপি কলঙ্ক নয়: স্পিকার
দশম জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনের প্রার্থীদের বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিয়ে সমালোচনার জবাবে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) বাংলাদেশের বিজয়ে বুধবার পার্লামেন্টারি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি।
বিএনপিবিহীন ওই নির্বাচনের বিনা প্রতিদ্বদ্বিতায় রেকর্ড সংখ্যক প্রার্থীর নির্বাচিত হওয়ার বিষয়ে শিরীন শারমিন বলেন, “গণপ্রতিনিধিত্ব আদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়ে বিধান আছে।
“আইনি কাঠামোর মধ্যেই এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দশম সংসদ নিয়ে যে কলঙ্কের কথা বলা হয়, তা ঠিক নয়।”
৫ জানুয়ারির ওই নির্বাচন বৈধ হয়নি বলে বিএনপির দাবি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ আসনের প্রার্থী নির্বাচিত হওয়ায় মানুষ ভোট দেওয়ার অধিকার হারিয়েছে বলে মনে করেন নাগরিক সমাজের অনেকে।
দশম সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শিরীন শারমিন দাবি করেন, সাংবিধানিক ধারা অক্ষুন্ন রাখতে ওই নির্বাচন না করার বিকল্প ছিল না।
“যত প্রশ্নই উঠুক না কেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতা যদি রক্ষা না পেত তাহলে কী হত? সাংবিধানিক প্রক্রিয়ায় ৫ জানুয়ারির নির্বাচন যদি করতে না পারতাম, তাহলে আজ কী হত? সাংবিধানিক ধারা অব্যাহত থাকত?”
সিপিএ ও আইপিইউ’র মতো প্রতিষ্ঠানে বাংলাদেশের বিজয় বাংলাদেশে গণতন্ত্র অক্ষুন্ন থাকার প্রমাণ বলে দাবি করেন স্পিকার।
শিরীন শারমিন সিপিএ চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন সম্প্রতি। এরপর আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচিত হন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে সাবের বলেন, বাংলাদেশ বিশ্ব গণতন্ত্রের নেতৃত্ব দিচ্ছে। দুটি সংগঠনের ৪৫ হাজার সংসদ সদস্যকে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে। এখন বাংলাদেশের সংসদকে বিশ্ব মানে উন্নীত করতে হবে।
এই কাজটি করতে সবার সহযোগিতা প্রত্যাশা করে আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, “আমাদের সংসদ সদস্যদের বলা হয় দলের সংসদ সদস্য। কিন্তু আমরা যে জনগণের সংসদ সদস্য সেটা গণমাধ্যমে বলা হয় না। সরকার ও সংসদের মধ্যে ভিন্নতা রয়েছে। এটা তুলে ধরতে হবে।”
পার্লামেন্ট মেম্বারস ক্লাবে বিপিজেএ সভাপতি উত্তম চক্রবর্তীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সংগঠনের সাবেক সভাপতি শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আশিস সৈকত, সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী বক্তব্য রাখেন।
