এরশাদও বুঝতে পারেননি, পতন আসন্ন: নোমান
গণঅভ্যুত্থানে হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের পতনের ইতিহাস মনে করিয়ে দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগকে সতর্ক করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
বুধবার এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “নব্বইয়ের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতন হয়েছিল। ২ ডিসেম্বরও এরশাদ বুঝতে পারেননি, তার পতন ঘটবে।”
এই বিএনপি নেতার ভাষায়, ‘জনগণ থেকে বিচ্ছিন্ন’ বর্তমান সরকারও এরশাদের মতো ‘রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে’ ক্ষমতা টিকিয়ে রেখেছে।
“সরকারকে বলছি, আপনারা যেভাবে গণতন্ত্রের কবর রচনা করতে একের পর এক ষড়যন্ত্র করছেন, তা বন্ধ করুন। জনগণ এখনো বাঁশের লাঠি ও ইটের কনা হাতে নিয়ে প্রতিরোধ করেনি। সময় আসছে, জনগণ গুম-নির্যাতনের প্রতিবাদে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে নামবে।’’
ফাইল ছবি
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসায় মামলা দেওয়া হচ্ছে। আমরা মনে করি, এসব মামলার মীমাংসা রাজপথেই হবে।”
‘জনতার ঐক্যে’ সরকারের পতন ঘটলে ক্ষমতাসীনরা ‘পালাবার পথ পাবে না’ বলেও তিনি মন্তব্য করে।
খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়েরের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’।
বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনায় সাবেক মন্ত্রী নোমান বলেন, “১/১১ এর সেনা সমর্থিত সরকার দেশের রাজনীতিবিদদের ওপর নিপীড়ন-নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। দেশকে তারা ২০ বছর পিছিয়ে দিয়ে গেছে। ১/১১ সরকারের সঙ্গে আঁতাত করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এখনো তারা জোর করে ক্ষমতায় বসে আছে।’’
তিনি বলেন, কোনো স্বৈরাচার সরকারই অস্ত্রের জোরে ক্ষমতায় থাকতে পারেনি। ‘রাজপথে রাজনৈতিক ফয়সালায়’ জনগণেরই বিজয় হবে।
সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এই সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক সাংসদ শাহ আবু জাফর, জাগপা সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান বক্তব্য দেন।
