২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই কঠিন, সময় লাগতে পারে: ফখরুল

‘রাজা-বাদশার’ মতো দেশ শাসন করা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর লড়াই কঠিন হবে বলে আভাস দিয়ে হাল না ছাড়তে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 10:44 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণার আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মঙ্গলবার এক আলোচনা সভায় এই আহ্বান জানান।

বিএনপির দাবির প্রতি সরকারের সাড়া না দেখে খালেদা জিয়া অচিরেই আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, আওয়ামী লীগকে হটাতে না পারলে বাংলাদেশে গণতন্ত্র রক্ষা হবে না।

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক ফোরামের উদ্যোগে ‘উন্নয়নের পূর্বশর্ত গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় ফখরুল বলেন, “তারা (সরকার) সামন্ততান্ত্রিক রাজা-বাদশা-প্রভুদের মতো কথা বলছে।

“তাদের (মন্ত্রীদের) বডি ল্যাংগুয়েজ, কথাবার্তায় আত্মম্ভরিতা ও দাম্ভিকতা এমন পর্যায় চলে গেছে যে তারা স্বৈরাচারী একনায়কের মতো আচরণ করছে।”

এই অবস্থা বদলাতে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এবারের আন্দোলন ব্যর্থ হলে দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। দেশনেত্রী যেখানে যাচ্ছেন, মানুষের ঢল নামছে। হতাশ হওয়ার কিছু নেই।

“আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রের এই লড়াই কঠিন লড়াই। একনায়কতন্ত্রের বিরুদ্ধে নিরস্ত্র মানুষের এই কঠিন লড়াইয়ে সময় লাগতে পারে, তবে জনগণের বিজয় হবেই।”

সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, “সংসদে তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, ৫ জানুয়ারি নির্বাচন বানচাল করে বিএনপি দেশে সামরিক শাসন আনতে চেয়েছিল। প্রধানমন্ত্রী দেশের মানুষকে বোকা বানানোর জন্য সংসদে এই মিথ্যাচার করেছেন।

“আমরা ডকুমেন্ট হাতে নিয়ে বলছি, এদেশের যতবার সামরিক শাসন এসেছে তা আওয়ামী লীগের সহযোগিতায় এসেছে। ১৯৭৫ সালের ১৫ অগাস্টের ঘটনার পর আওয়ামী লীগের নেতা খন্দকার মোশতাক আহমেদই সামরিক শাসন জারি করেছিলেন, তার মন্ত্রিসভায় আওয়ামী লীগের নেতারাই যোগ দিয়েছিল। জিয়াউর রহমান কখনোই সামরিক শাসন আনেননি। বরং সামরিক শাসন তুলে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।”

১৯৮২ সালের নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে সরিয়ে সেনাপ্রধান এইচ এম এরশাদের ক্ষমতা দখলের পরের ঘটনা তুলে ধরে ফখরুল বলেন, “তখন শেখ হাসিনা বলেছিলেন, ‘আই অ্যাম নট আনহ্যাপি’। কেবল তাই নয়, ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচন বর্জন করে আওয়ামী লীগই দেশের মইন উ আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত সরকার নিয়ে এনেছিল, এগুলো ডকুমেন্টস।”

পুরনো খবর:

ডিসেম্বরজুড়ে কর্মসূচির পর আন্দোলন: খালেদা