বিএনপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার সকালে দলের এক যৌথসভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন।
মাসব্যাপী কর্মসূচি থাকলেও কেন্দ্রীয়ভাবে চার দিন কর্মসূচি পালন করবে বিএনপি। বাকি কর্মসূচিগুলো পালিত হবে বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে।
কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন, ১৫ ডিসেম্বর বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা, ১৬ ডিসেম্বর ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় সাভার স্মৃতিসৌধে খালেদা জিয়ার নেতৃত্বে নেতা-কর্মীদের পুষ্পমাল্য অর্পণ, সকাল ৯টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং ১৭ ডিসেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রা।
ফাইল ছবি
বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মাসব্যাপী কর্মসূচি পালন শুরু করেছে ১ ডিসেম্বর থেকে।
এছাড়া স্বৈরাচার পতন দিবস উপলক্ষে ৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করবে সংগঠনটি।
১৯৯০ সালের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্বের উদ্যোগে ১৮ ডিসেম্বর ঢাকায় ছাত্র সমাবেশ হবে।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালযে মির্জা ফখরুলের সভাপতিত্বে দল ও সহযোগী সংগঠনের যৌথ সভা হয়। এই সভায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হয়।
যৌথ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, মো. শাহজাহান, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, খায়রুল কবীর খোকন, নাজিম উদ্দিন আলম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহিন, সুলতান সালাহউদ্দিন টুকু ও এ বি এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
সহযোগী সংগঠনের মধ্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, শফিউল বারী বাবু, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, মীর নেওয়াজ আলী, রফিকুল ইসলাম মাহতাব, মিলন মেহেদী, আবদুল আউয়াল খান, হুমায়ুন ইসলাম খান, আবুল কালাম আজাদ, শাহ নেসারুল হক, সেলিম রেজা, মনির খান, রাজিব আহসান, আকরামুল হাসান উপস্থিত ছিলেন।
ছাত্রদলের কোনো অংশ নেই
সংবাদ ব্রিফিংয়ে ছাত্রদলের পদবঞ্চিতদের আন্দোলনের বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “অনুমোদিত নতুন কমিটি ছাড়া ছা্ত্রদলের অন্য কোনো অংশ নেই। ছাত্রদলের অনুমোদিত নতুন কমিটি ছাত্র দল পরিচালনা করছে।”
গত ১৪ অক্টোবর রাজিব আহসান ও আকরামুল হাসানের নেতৃত্বে নতুন কমিটি গঠনের পর থেকে পদবঞ্চিতরা এই কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে।
